আইসিজের নির্দেশ প্রত্যাখ্যান করল রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনে সামরিক অভিযান অবিলম্বে বন্ধে রাশিয়াকে দেওয়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। আদালতের এ নির্দেশের এক দিন পর রাশিয়া এই প্রতিক্রিয়া জানাল। খবর এএফপির

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত আমলে নিতে পারব না।’ আইসিজের দেওয়া রায় কার্যকরের জন্য রাশিয়া–ইউক্রেন দুই পক্ষকেই একমত হতে হবে।

পেসকভ দাবি করেন, লড়াইয়ের পরিসমাপ্তি টানতে কিয়েভের সঙ্গে আলোচনায় ‘মস্কোর প্রতিনিধিদল প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখছে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পরপরই আইসিজেতে মামলা করে কিয়েভ। ওই মামলায় গতকাল বুধবার সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়াকে অভিযান বন্ধের নির্দেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত।

আইসিজের আদেশটি দেওয়া হয় ১৩-২ ভোটে। বিপক্ষে মত দিয়েছেন রাশিয়া ও চীনের বিচারক। আইসিজের বিচারকেরা বলেন, রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে, মস্কোর নিয়ন্ত্রণাধীন বা সমর্থিত অন্যান্য বাহিনী যেন ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে না যায়।

যুদ্ধের জন্য ক্রেমলিন যে যুক্তি দিয়েছে, তার সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদেশে উল্লেখ করেন আইসিজে। অর্থাৎ ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশভাষীদের বিরুদ্ধে দেশটির কর্তৃপক্ষ গণহত্যা সংঘটন করছে বলে যে যুক্তি দিয়ে রাশিয়া সামরিক অভিযানে গেছে, তার সপক্ষে কোনো প্রমাণ পাননি আদালত।

আইসিজের আদেশ মানার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ আদেশ বাস্তবায়নের সরাসরি কোনো উপায় আদালতের নেই। অতীতে খুব বিরল ক্ষেত্রে দেশগুলো আইসিজের আদেশ অমান্য করেছে।

আরও পড়ুন