আইসিসি থেকে নিজেকে সরিয়ে নিল রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যোগদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার এই সংক্রান্ত এক আদেশে সই করেছেন।
দ্য হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বিভিন্ন দেশে সংগঠিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের তদন্ত এবং বিচার করে থাকে। ২০০০ সালে রাশিয়া এই সংস্থায় যোগদানের লক্ষ্যে চুক্তিতে সই করে। কিন্তু তারপর রাশিয়া কখনোই এই চুক্তি অনুমোদন করেনি। এর আগে আফ্রিকার কয়েকটি দেশও আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের আদেশক্রমে তারা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে আর থাকছে না। ১৯৮৮ সালে জাতিসংঘের কয়েকটি সদস্য দেশ রোম সংবিধি নামের এক আইনের মাধ্যমে এই আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করেছিল। রাশিয়া ২০০০ সালে সই করলেও কখনো তা অনুমোদ করেনি। রাশিয়া এখন বলছে এই আদালতের কাছ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে আশা ছিল তা পূরণ করতে এই আদালত ব্যর্থ হয়েছে।
বার্তা সংস্থাগুলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে খবর দিচ্ছে, রাশিয়া মনে করছে না যে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রকৃতপক্ষে নিরপেক্ষ একটি বিচারিক আদালত হিসেবে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে। তাই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘকে পুতিনের বক্তব্য জানিয়ে দিয়ে বলেছে, তারা এই আদালতের কোনো কার্যক্রমের সঙ্গে আর জড়িত থাকবে না।
সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি আইসিসির কয়েকজন কর্মকর্তা প্রেসিডেন্ট পুতিনের তীব্র সমালোচনা করেন। কেউ কেউ এই রুশ অভিযানকে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তুলনা করেন। এরপরই রাশিয়া আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল।