আইসোলেশনে কেট মিডলটন
করোনার সংক্রমণের আতঙ্কে ১০ দিনের জন্য সেলফ আইসোলেশনে রয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। আজ সোমবার ক্যানসিংটন প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ডাচেস অব ক্যামব্রিজ এমন একজনের সংস্পর্শে এসেছিলেন, যাঁর পরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে ওই ব্যক্তির নাম–পরিচয় প্রকাশ করা হয়নি। যদিও কেটের শরীরে করোনার উপসর্গ নেই, এরপরও আগাম সতর্কতার অংশ হিসেবে কোভিড–সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে তিনি ১০ দিন বাড়িতেই আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছে রাজপরিবার।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ৭৩ বছর পূর্তি উপলক্ষে কয়েকটি আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল কেটের। আইসোলেশনে থাকায় তাঁর এসব সূচি বাতিল করা হয়েছে।
গত শুক্রবার কেট মিডলটনকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে। ওই দিন তিনি উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের একটি খেলায় উপস্থিত ছিলেন। তিনি অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের পৃষ্ঠপোষক।
এদিকে গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রিন্স উইলিয়াম। নভেম্বরে এসে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উইলিয়ামের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছিল। বলা হয়েছিল, তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল।