আকাশ থেকে পাখি গণনা

পাখি গণনায় স্যাটেলাইট থেকে তোলা উঁচু মানের ছবি ব্যবহার করছেন একদল বিজ্ঞানী। নিউজিল্যান্ডের চ্যাথাম আইল্যান্ডের কূল-ঘেঁষা পাথুরে কাঠামোয় বাস করা নর্দান রয়্যাল অ্যালবাট্রস গণনাই তাঁদের লক্ষ্য। গণনায় নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিশেষজ্ঞরা। পৃথিবীর কক্ষপথ থেকে বিশ্বজুড়ে কোনো প্রাণীর পুরো সংখ্যা গণনার উদ্যোগ এটাই প্রথম।
বিজ্ঞানীরা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিপন্ন পাখি গণনার এই খবরটি প্রকাশ করেছেন ব্রিটিশ পক্ষীবিশারদদের সাময়িকী আইবিস-এ। নর্দান রয়্যাল অ্যালবাট্রস প্রজাতিটির সংরক্ষণের ক্ষেত্রে বিজ্ঞানীদের এই উদ্যোগ বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হয়েছে।
সাধারণভাবে এই পাখিটির আবাসস্থল নির্ধারণ করা এবং সেগুলোতে তারা বাস করছে কি না, তা যাচাই করা খুব কঠিন। সাগর উপকূলের কাছে পাথুরে কাঠামোতে বাসা বাঁধে পাখিগুলো। এই কাঠামোগুলো সাধারণত খাড়া হয়ে থাকে।
ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) বিশেষজ্ঞ ড. পিটার ফ্রেটওয়েল বলেন, এসব দ্বীপে পাখি গণনা খুব ব্যয়বহুল কাজ। কারণ, এতে দক্ষ লোকজন, জাহাজ বা উড়োজাহাজ লাগে। তবে শুধু ব্যয়বহুলই নয়, এটা বিপজ্জনকও।
কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাখি গণনার এ কৌশলটি বিশেষজ্ঞরা প্রথমে দক্ষিণ জর্জিয়ার বার্ড আইল্যান্ডে প্রয়োগ করেছিলেন। এটি হলো দক্ষিণ আটলান্টিকের মধ্যে একটি অনন্য সংরক্ষিত বন।
বিজ্ঞানীরা চ্যাথাম আইল্যান্ডে উপগ্রহের মাধ্যমে তোলা ছবি থেকে এ পর্যন্ত ৩ হাজার ৬০০ পাখির বাসা শনাক্ত করেছেন। ২০০৯ সালে প্রচলিত পদ্ধতিতে গণনা করা হয়েছিল ৫ হাজার ৭০০ বাসা।