আকাশচুম্বী কাঠের ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশচুম্বী কাঠের ভবন
আকাশচুম্বী কাঠের ভবন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নির্মিত হবে কাঠের তৈরি এক বহুতল ভবন। ৮৪ মিটার উচ্চতার স্থাপনাটি কাঠের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হবে বলেই দাবি দেশটির স্থাপত্যবিদদের। খবর গার্ডিয়ানের।
ভিয়েনার সিস্টাড অ্যাসপার্ন এলাকায় আগামী বছর তৈরি করা হবে হোহো নামের এই ভবন। ইউরোপের সবচেয়ে বড় শহর উন্নয়ন প্রকল্পগুলোর একটি সিস্টাড এলাকাটি। হোহো ভবনে থাকবে হোটেল, ফ্ল্যাট, রেস্তোরাঁ, শরীরচর্চা কেন্দ্র ও অফিস। এটি নির্মাণে ব্যয় হবে প্রায় ছয় কোটি ইউরো।
নির্মাণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান কার্বলারের কর্মকর্তা ক্যারোলিন পালফি জানিয়েছেন, পরিবেশগত উপকারিতার কথা চিন্তা করেই তাঁরা ভবনটি নির্মাণের জন্য কাঠ বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, এখন ভিন্নভাবে চিন্তা করা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের কাঠ রয়েছে, যেটা ভবন নির্মাণের জন্য খুবই উপযোগী একটা উপাদান। ২০০ বছর আগেও নির্মাণে কাঠ ব্যবহার করা হয়েছে। তখনো এটা খুবই উপযোগী ছিল, এখনো তাই-ই।’
কংক্রিটের বদলে এ পদ্ধতিতে ভবনটি নির্মাণের ফলে ২ হাজার ৮০০ টন কম কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসৃত হবে। একটি গাড়ি ১ হাজার ৩০০ বছর ধরে দৈনিক ২৫ কিলোমিটার করে চালালে এ পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়।