আগস্ট মাসে প্যারিস কেন সুনসান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সে প্রতিবছর আগস্ট মাসে পাঁচ সপ্তাহের সবেতনে ছুটি পান সব পর্যায়ের কর্মচারী বা শ্রমিকেরা। ছবি: রয়টার্স
ফ্রান্সে প্রতিবছর আগস্ট মাসে পাঁচ সপ্তাহের সবেতনে ছুটি পান সব পর্যায়ের কর্মচারী বা শ্রমিকেরা। ছবি: রয়টার্স

ফ্রান্সে এখন গ্রীষ্মকাল। প্যারিসের রাস্তাঘাট বেশ ফাঁকা। সারি সারি গাড়ি নেই, মানুষের কোলাহল নেই। অনেকগুলো রেস্তোরাঁ ও কফিশপে ঝুলছে নোটিশ বোর্ড। তাতে লেখা আছে, ‘দয়া করে পরের মাসে আসুন।’ কর্মচঞ্চল শহরটির এহেন অবস্থার পেছনে আছে আগস্ট মাস! এ মাসে সব সময়ই ভুতুড়ে শহরে পরিণত হয় প্যারিস। কারণ, সবাই যে চলে যায় ছুটি কাটাতে!

ফ্রান্সে আগস্ট মাসটি সত্যিই বিশেষ। প্রতিবছর এ মাসে পাঁচ সপ্তাহের ছুটি পান সব পর্যায়ের কর্মচারী বা শ্রমিকেরা। তা-ও আবার সবেতনে। কখনো কখনো ছুটির মেয়াদ আরও বাড়ে। তবে শর্ত থাকে যে ছুটির পর প্রতি সপ্তাহে নির্দিষ্ট ৩৫ ঘণ্টার বেশি কাজ করে পুষিয়ে দিতে হবে। ইউরোপের অন্য কোনো দেশে এমন নিয়ম নেই। আর ঠিক এ কারণেই প্যারিসের রেস্তোরাঁ, দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রায় সময়ই এক মাসের জন্য ছুটি নিয়ে নেন। দেশটিতে এটিই বাস্তবতা। কারণ এখানে ছুটি কোনো বাড়তি সুবিধা নয়, বরং অধিকার।

কিন্তু কীভাবে এল এই নিয়ম? এর উত্তর খুঁজতে ফিরে যেতে হবে ১৯৩০-এর দশকের শেষে। তখন বিশ্বজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। ফ্রান্সে ক্ষমতায় এল বামপন্থী সরকার, জোটের নাম ছিল পপুলার ফ্রন্ট। খুব বেশি দিন এই জোট ক্ষমতায় থাকেনি, ১৯৩৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যেই শ্রম খাতে বেশ কিছু সংস্কার আনা হয়। এর মধ্যে ছিল সবেতনে ছুটি কাটানোর সুযোগ। শুরু থেকেই এ সুযোগ ছিল ফ্রান্সের সব পর্যায়ের শ্রমিকদের জন্য।

ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টিবিষয়ক বিশিষ্ট ঐতিহাসিক ও সাবেক সরকারি উপদেষ্টা অ্যালেইন ব্যারগুন বলেন, ‘সামাজিক বিজয়ের একটি পরিবেশ ছিল তখন। সবাই সমান অধিকার ও বৈষম্যহীনতার কথা বলছে। ঠিক ওই সময়ে এ আইনটি করা হয়েছিল।’

পপুলার ফ্রন্ট ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও এই জোটের করা সংস্কার পরিবর্তন করেনি অন্যান্য সরকার। বরং সেগুলোকে উৎসাহিত করা হয়েছিল এবং এর মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা সামলানো হয়। গত ৭৫ বছরে কর্মক্ষেত্রের বাইরে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টাও চলেছে।

অ্যালেইন ব্যারগুন মনে করেন, ফ্রান্সে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য মোকাবিলায় কর্মচারীদের সবেতনে ছুটি দেওয়ার ঘটনাটি ছিল একটি অন্যতম প্রধান পদক্ষেপ। তিনি বলেন, ‘ফ্রান্সে এখনো কিছু অসাম্য রয়েছে। সেগুলো খালি চোখে বেশ বোঝাও যায়। কিন্তু আদতে এখানকার পরিবেশ সাম্য প্রতিষ্ঠার জন্য অনুকূল এবং মূল লক্ষ্যও তাই। তাই ছুটির বিষয়টি অধিকার হিসেবে দেখা হয়। অন্য দেশ, যেমন আমেরিকা থেকে এ দেশের সংস্কৃতি অনেকটাই আলাদা।’

সমালোচকেরা প্রায়ই বলে থাকেন, ফ্রান্সের এই বিখ্যাত ছুটির সময়টা একেক শ্রেণির মানুষের কাছে একেক রকম। ছুটি পেলেও সবার পক্ষে বিলাসবহুল ভিলায় বা সমুদ্রসৈকতে সময় কাটানো সম্ভব হয় না। কারণটা হলো অর্থ। বেতন দেওয়া হলেও সবাই তো আর এক রকম বেতন পান না। সুতরাং শ্রেণিভেদে ছুটি কাটানোর ধরনটাও ভিন্ন হয়।

সমালোচকদের দাবি, প্যারিসে সুনসান অবস্থা বেশি থাকে শহরের কেন্দ্রস্থলে। বিশেষ করে বুলেভার্ড পেরিফেরিক এলাকার রাস্তাগুলো প্রায় খালি থাকে। কারণ এটি শহরের মূল কাজের জায়গা এবং স্বভাবতই উঁচু তলার মানুষের সংখ্যা বেশি। এঁরাই ছুটি কাটাতে প্যারিসের বাইরে যান বেশি। আর শহরতলিগুলো বছরের অন্যান্য সময়ের মতোই কর্মচঞ্চল থাকে। ভিড় থাকে অভিবাসীদের থাকার জায়গাগুলোতেও। তাঁদের অনেকেরই যে ছুটি কাটানোর সামর্থ্য নেই!

ইউরোপের অন্য দেশগুলো এখনো ফ্রান্সের মতো এত বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার সাহস দেখায়নি। যুক্তরাষ্ট্র হলো একমাত্র শিল্পোন্নত দেশ, যেখানে কর্মচারীদের সবেতনে ছুটি নেওয়ার বিধান নেই। মার্কিন কর্মীরা সাধারণভাবে বছরে সব মিলিয়ে সাকল্যে দুই সপ্তাহ ছুটি নেওয়ার সুযোগ পান। এটিই মূল সুবিধা হিসেবে গণ্য করা হয়। যুক্তরাষ্ট্রের নিয়োগদাতারা এর চেয়ে বেশি কিছুর প্রয়োজনীয়তাই হয়তো উপলব্ধি করেন না।

তবে চলতি বছর ফ্রান্সে ছুটি কাটানোর এই চিরাচরিত ছন্দে কিছুটা বাধা আসতে পারে। কারণ দেশটির নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে শ্রমবাজারে পরিবর্তন আনার ইচ্ছে আছে তাঁর। নতুন প্রেসিডেন্টের অনেক প্রতিশ্রুতির মধ্যে কোম্পানিগুলোর প্রতি ‘নমনীয়তা’ ফিরিয়ে আনার বিষয়টিও রয়েছে। অর্থাৎ কর্মকর্তাদের সঙ্গে নিয়োগদাতারা যেন আরও দর-কষাকষি করতে পারে, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার চিন্তা চলছে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ম্যাঁখো যখন এ বিষয়ে তাঁর প্রস্তাব ঘোষণা করবেন, তখন হয়তো ফ্রান্সের ‘কল্যাণ রাষ্ট্রের’ চেহারায় ব্যাপক পরিবর্তন আসবে।

অবশ্য এসবের বেশ দেরি আছে। আগস্ট মাস শেষ হতেও কিছুদিন বাকি আছে। এই কটা দিন প্যারিসের অধিবাসীরা বরং আরাম-আয়েশেই কাটিয়ে দেবেন। প্রখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো বলেছিলেন, ‘মানুষমাত্রই ভুল করে। আর প্যারিসের বাসিন্দা মানেই অলস সৌন্দর্যে দিন কাটানো।’

এ কথা ধরলে, আগস্ট মাসই প্যারিসকে চেনার সবচেয়ে উপযুক্ত মাস, যদিও শহরের বেশির ভাগ বাসিন্দাই তখন শহরের বাইরে থাকেন।

দ্য ওয়াশিংটন পোস্ট অবলম্বনে অর্ণব সান্যাল