আগামী সপ্তাহেই গ্রিসের সঙ্গে ঋণচুক্তির সম্ভাবনা
গ্রিসের অর্থনৈতিক সংকট নিয়ে ব্রাসেলসে ইউরোপের কয়েকজন শীর্ষনেতার বৈঠকে বুধবার রাত পর্যন্ত সমঝোতা হয়নি। গতকাল বৃহস্পতিবার আবার আলোচনা শুরু হওয়ার কথা। এরপরও আশা করা হচ্ছে, ঋণদাতাদের সঙ্গে আগামী সপ্তাহেই একটি চুক্তি হতে পারে গ্রিসের। খবর রয়টার্সের।
‘সংস্কার করো, অর্থ নাও’—এমন শর্তের আওতায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্রিসের সঙ্গে এর ঋণদাতা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ইউরোপীয় কমিশনের আলোচনা চলছে। বৈঠকে অন্যান্যের মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপারাস, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অংশ নিচ্ছেন। আলোচনায় মূল আলোকপাত হচ্ছে গ্রিসের অবসর ভাতায় সংস্কার, মূল্য সংযোজন করের হার এবং উদ্বৃত্তের লক্ষ্যমাত্রার ওপর।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, ইউরোজোনের অর্থমন্ত্রীদের জোট ইউরোগ্রুপের ১৮ জুনের বৈঠকের আগেই উভয় পক্ষের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে।