আগের ধারণার চেয়ে ২০০০ বছর আগে ছড়ায় প্লেগ
প্রাচীন ডিএনএ নিয়ে গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা দাবি করছেন, আগে যা ভাবা হতো, তার চেয়েও দুই হাজার বছর বেশি আগে থেকে প্লেগ রোগ ছড়াচ্ছে। খবর বিবিসির।
ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ব্রোঞ্জ যুগের সাতটি মানব কঙ্কাল থেকে নমুনা হিসেবে সংগ্রহ করা দাঁত নিয়ে গবেষণা করেন। এর ফলের ভিত্তিতেই তাঁরা সংক্রামক রোগটির বয়স নিয়ে ওই দাবি করেছেন। গবেষকেরা বলেন, ওই সময়ে প্লেগের এখনকার মতো এত দ্রুত ছড়ানোর সক্ষমতা ছিল না। প্রসঙ্গত, ব্রোঞ্জ যুগের সময়সীমা ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ৮০০ খ্রিষ্টপূর্বাব্দ।
প্রধান গবেষক এসকে উইলারস্লেভ বলেন, সাধারণভাবে যা ভাবা হয়, আসলে তার চেয়েও দুই হাজার বছর আগে প্লেগ ছড়ায়।
এর আগে ভাবা হতো প্লেগ প্রথম ছড়ায় ৪৩০ খ্রিষ্টপূর্বাব্দে এথেন্সে। বিজ্ঞানীরা ১০১টি প্রাচীন কঙ্কাল পরীক্ষার পর দাবি করছেন, সংক্রামক এ ব্যাধিতে মানুষ আক্রান্ত হয় আরও আগে। ওই ১০১টি কঙ্কালের মধ্যে পশ্চিম ইউরোপ ও মধ্য এশিয়ার সাতটি কঙ্কাল থেকে দাঁত নিয়ে পরীক্ষা করা হয়। দাঁতগুলোতে প্লেগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার সংক্রমণের প্রমাণ মিলেছে। এর মধ্যে সবচেয়ে পুরোনো দাঁতটি ছিল ৫ হাজার ৭৮৩ বছর আগের।
গবেষকেরা বলেন, বিশ্লেষণ করে দেখা যায় তখনকার ওই ব্যাকটেরিয়ার মধ্যে বৈশ্বিক পর্যায়ের মৃত্যুর কারণ হওয়ার মতো মারাত্মক বৈশিষ্ট্য ছিল না। ব্যাকটেরিয়ার জিন সংকেত বিশ্লেষণ করে দেখা যায়, প্লেগের জন্য দায়ী জীবাণু বর্তমান রূপ নিয়েছে খ্রিষ্টপূর্ব এক হাজার অব্দে।
জানা মানব ইতিহাসে প্লেগ নিয়ে তিনটি বড় মহামারি ঘটেছে: ৫৪১ সালে রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলে প্লেগের মহামারিতে আড়াই কোটিরও বেশি মানুষ মারা যায়।