আগের ফ্লাইটেই 'মহড়া' দেন কো-পাইলট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় বিধ্বস্ত জার্মানউইংস উড়োজাহাজের কো-পাইলট আন্ড্রিয়াস লুবিৎস আগের ফ্লাইটেই উড়োজাহাজ আছড়ে ফেলার মহড়ার কাজটি সেরে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জার্মানির দৈনিক পত্রিকা বিল্ড গতকাল বুধবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
বৈমানিক লুবিৎস ইচ্ছাকৃতভাবেই গত ২৪ মার্চ জার্মানউইংসের উড়োজাহাজটিকে দুর্ঘটনায় ফেলেছিলেন বলে অভিযোগ রয়েছে। স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুয়েসেলডর্ফগামী বিমানটি আল্পস পর্বতমালার ফরাসি অংশে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এতে বিমানটির ১৫০ জন আরোহীর সবাই নিহত হয়।
বিল্ড জানায়, লুবিৎস বিশেষ কোনো কারণ ছাড়াই আরেকটি ফ্লাইটের ‘নিয়ন্ত্রিত ও মিনিটব্যাপী অবতরণ’ করানোর চেষ্টা করেছিলেন। এটি ছিল একই দিনে (২৪ মার্চ) ডুয়েসেলডর্ফ থেকে বার্সেলোনাগামী উড়োজাহাজ। ব্ল্যাক বক্সে সংরক্ষিত তথ্যে বিষয়টি জানা যায়।