আঙ্কারায় বোমা হামলার ঘটনায় ৫০ বিদেশি গ্রেপ্তার
তুরস্কের রাজধানী আঙ্কারায় সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় গতকাল রোববার প্রায় ৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এএফপির।
ইস্তাম্বুলের এশীয় অংশে পান্দিক শহরতলির কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই বিদেশীদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তারা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে ইরাক ও সিরিয়া যাওয়ার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানিয়েছে। এর আগে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু আঙ্কারায় জোড়া বোমা হামলার জন্য প্রধান সন্দেহভাজন হিসেবে আইএসকে দায়ী করেন।
১০ অক্টোবর এক শান্তি সমাবেশে ওই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০২ জনের প্রাণহানি ঘটে।
তুর্কি গণমাধ্যম ইতিমধ্যে বলেছে, দুই হামলাকারীর একজন গত জুলাইয়ে সিরিয়া সীমান্তের সিরিচ শহরে বোমা হামলা করে ৩৪ জনকে হত্যা করা ব্যক্তির ভাই। অন্যজন সম্প্রতি দুবার সিরিয়া সফর করেছে।