আত্মঘাতী দুজন ভাই, আবদেসালামের সঙ্গে যোগসূত্র

বেলজিয়ামের ব্রাসেলসে আত্মঘাতী হয়ে সন্ত্রাসী হামলা চালানো দুজন সম্পর্কে ভাই বলে ধারণা করা হচ্ছে। প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালামের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল বলে পুলিশের সন্দেহ। পুলিশ সূত্রের বরাত দিয়ে আরটিবিএফ টেলিভিশনের খবরে এ কথা জানানো হয়। খবর এএফপির।
আরটিবিএফ আত্মঘাতী দুজনের নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন খালিদ ও ইব্রাহিম আল বাকরাওই।
খালিদ ভুয়া নামে গত সপ্তাহে ব্রাসেলসে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন। পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালিয়ে আবদেসালামের হাতের ছাপ পেয়েছে।
গত শুক্রবার ব্রাসেলস থেকে সালাহ আবদেসালামকে গ্রেপ্তার করে পুলিশ। এর চার দিনের মাথায় গতকাল মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে সন্ত্রাসী হামলা চালানো হলে অন্তত ৩৪ জন নিহত হয়।
খালিদ বেলজিয়ামের চার্লেরোই শহরেও একটি বাসা ভাড়া করেছিলেন, যেখানে আবদেসালাম ও ব্রাসেলস-ভিত্তিক ইসলামিক স্টেটের জিহাদিরা জড়ো হয়ে গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলাটি চালায়। ফ্রান্সের প্যারিসে ওই হামলায় ১৩০ জনের প্রাণহানি ঘটে।
পুলিশের একটি সূত্র এএফপিকে বলেছে, বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের আগমুহূর্তে সিসি টিভির ফুটেজে যে তিনজনের ছবি দেখা গেছে, সেখানকার মাঝের জন সম্ভবত ইব্রাহিম আল বাকরাওই। আরেকটি প্রতিবেদনে জানানো হয়, এই ভাইদের আরেকজন মেট্রো স্টেশন মালবিকে হামলার ঘটনায় জড়িত থাকতে পারেন।
বেলজিয়ামের পুলিশ বিমানবন্দরে আত্মঘাতী হওয়া দুই ব্যক্তির সম্পর্কে তথ্য জানাতে আহ্বান জানিয়েছে। একাধিক টুইট বার্তায় পুলিশ সিসি টিভির ফুটেজ থেকে নেওয়া ছবির নিচে ক্যাপশনে তাদের সম্পর্কে তথ্য জানাতে বলেছে। ওই ছবিতে থাকা অপরজন, যিনি হালকা রঙের জ্যাকেট ও গাঢ় রঙের হ্যাট পরে ছিলেন, সম্ভবত তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।