আত্মঘাতী হতে গিয়েও শেষ মুহূর্তে মত বদলান আবদেসালাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহ আবদেসালাম
সালাহ আবদেসালাম

প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন গ্রেপ্তারকৃত সালাহ আবদেসালাম বোমায় নিজেকে উড়িয়ে দিতে চেয়েছিলেন; কিন্তু শেষ মুহূর্তে মত পাল্টান। ব্রাসেলসে পুলিশি অভিযানে গ্রেপ্তারের এক দিন পরই ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবদেসালাম এ কথা বলেন। বেলজিয়ামের তদন্তকারীরা এ তথ্য নিশ্চিত করেন।
কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃত সালাহকে ব্রুজের নিরাপদ কারাগারে হস্তান্তর করা হয়েছে। এর আগে ব্রাসেলসে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেন সালাহ আবদেসালাম। সেখানে তিনি বলেন, ‘আমিও একজন আত্মঘাতী ছিলাম।’ পরে সালাহর স্বীকারোক্তিকে উদ্ধৃত করে ফরাসি তদন্তকারী ফ্রাঁসোয়া মলিনস বলেন, ‘তিনি স্তাদ দো ফ্রঁস স্টেডিয়ামে আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিলেন...কিন্তু পিছু হটেন।’
বেলজিয়ামের তদন্তকারীরা ‘সন্ত্রাসী হত্যাযজ্ঞে অংশগ্রহণের দায়ে’ সালাহ আবদেসালাম ও তাঁর সঙ্গে গ্রেপ্তারকৃত মনির আহমদ আজাজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাঁদের দুজনকেই আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
সালাহ আবদেসালামের আইনজীবী বলেন, তাঁর মক্কেল হামলার সময় প্যারিসে থাকার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলেননি। তাঁর মক্কেল তদন্তকারীদের সহায়তা করছেন বলেও দাবি করেন তিনি। তবে বিচারের জন্য ফ্রান্সে প্রত্যর্পণের বিষয়ে আবদেসালাম আইনি লড়াই করবেন বলে জানান তাঁর আইনজীবী। উল্লেখ্য, প্রতিবেশী ফ্রান্স আবদেসালামের বিচার করার জন্য প্যারিসে ফেরত নিতে চেয়েছে।
গত শুক্রবারের পুলিশি অভিযানের সময় আবদেসালামের পায়ে গুলি লাগে। রাতভর বেলজিয়ামের এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাঁকে।
সালাহ তাঁর বড় ভাই ব্রাহিমের সঙ্গে একটি পানশালা চালাতেন। ব্রাহিম প্যারিস হামলায় আত্মঘাতী হয়েছিলেন।
গত ১৩ নভেম্বর প্যারিসের একাধিক স্থানে আত্মঘাতী বোমাসহ একযোগে হামলায় ১৩০ জন নিহত হন। দায় স্বীকার করে ইসলামিক স্টেট।