আত্মঘাতী হতে চেয়েও মত বদলান আবদেসালাম

প্যারিস হামলার সন্দেহভাজন সালাহ আবদেসালাম বোমায় নিজেকে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু পরে মত পাল্টান। তদন্তকারীদের কাছে এমনটাই বলেছেন আবদেসালাম। ফ্রান্সের এক আইনজীবীর বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বেলজিয়ামে নাটকীয় অভিযানে ধরা পড়ার এক দিন পর আবদেসালামের বিরুদ্ধে সে দেশে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।আবদেসালামের আইনজীবী জানিয়েছেন, ফ্রান্সে প্রত্যর্পণের চেষ্টা করা হলে এর বিরুদ্ধে তাঁর মক্কেল লড়বেন। তবে তিনি পুলিশকে সহযোগিতা করছেন।
গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের একাধিক স্থানে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হয় ১৩০ জন। আহত হয় অনেকে। হামলার দায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে।
হামলার অন্যতম সন্দেহভাজন আবদেসালাম। তাঁকে গত শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় পুলিশের গুলিতে আহত হন তিনি।
প্রতিবেশী ফ্রান্স আবদেসালামকে বেলজিয়াম থেকে প্যারিসে নিয়ে যেতে চায়। এ নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলাপ-আলোচনা চলছে।
ফ্রান্সের আইনজীবী ফ্রাঁসোয়া মঁলা এক সংবাদ সম্মেলনে বলেছেন, বেলজিয়ামের তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে আবদেসালাম স্বীকার করেছেন, তিনি নিজেকে বোমার বিস্ফোরণে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু পরে মত পরিবর্তন করেছেন।
ফ্রান্সের ওই আইনজীবী বলেন, আবদেসালামের দেওয়া তথ্য সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা উচিত।
প্যারিস হামলায় আইএসের নেটওয়ার্ক, অর্থায়ন, পরিকল্পনা প্রভৃতি বিষয়ে আবদেসালামের কাছ থেকে অনেক তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: