আদালতের রায় প্রত্যাখ্যান করল কাতালানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজনে স্পেনের আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন স্বাধীনতাকামী কাতালোনিয়ার নেতারা। গত শুক্রবার তাঁরা গণভোটের লক্ষে একটি কমিশন গঠন করেছেন। খবর এএফপির।
গণভোটের উদ্যোগকে স্পেনের কেন্দ্রীয় সরকার আইনিভাবে চ্যালেঞ্জ করলে সাংবিধানিক আদালত তা আটকে দেন। কিন্তু ওই অঞ্চলের রাজনৈতিক দলগুলো আইনিভাবে ঝুঁকি নেওয়ার ব্যাপারে মনস্থির করেছে। স্বাধীনতাপন্থী রাজনৈতিক দলগুলো এক বৈঠকের পর গণভোটের প্রক্রিয়া এগিয়ে নিতে ঐক্যবদ্ধ বলে ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় স্পেন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক সাংবিধানিক সংকটের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে।
কাতালোনিয়া আঞ্চলিক সরকারের মুখপাত্র বার্সেলোনায় বলেন, তাঁরা গণভোটের ব্যাপারে আগের সিদ্ধান্ত মেনে চলতে একমত হয়েছেন। এতে করে জনগণ আগামী ৯ নভেম্বর তাঁদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন।
কাতালোনিয়ার মধ্যপন্থী রক্ষণশীল সরকার শুক্রবার আনুষ্ঠানিকভাবে গণভোট পর্যবেক্ষণের জন্য একটি কমিশন গঠনের ডিক্রি জারি করেছে। প্রেসিডেন্ট আতুর মাস গণভোটকে এগিয়ে নিতে অঙ্গীকার করেছেন।
কেন্দ্রীয় সরকারের উপপ্রধানমন্ত্রী সোরাইয়া সেঞ্জ-ডি সান্তামারিয়া বলেন, সরকার এই ডিক্রি স্থগিতের জন্য সাংবিধানিক আদালতে আবেদন করবে।
গত মাসে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে স্বাধীনতার জন্য গণভোট হয়। ওই গণভোট থেকে প্রেরণা পেয়ে স্পেনের এ প্রদেশে স্বাধীনতার দাবি নতুন করে গতি পায়।