আদিবাসীদের কাছে পোপ ফ্রান্সিসের ক্ষমাপ্রার্থনা

মেক্সিকোর চিয়াপাস রাজ্যের আদিবাসীদের সমাজ থেকে বিচ্ছিন্ন রাখার জন্য ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস। গত সোমবার চিয়াপাস রাজ্যে এক প্রার্থনা সভা চলার সময় তিনি দুঃখ প্রকাশ করেন। খবর বিবিসির।
পোপের উপস্থিতিতে সোমবার চিয়াপাস রাজ্যে তিনটি আদিবাসী ভাষায় ধর্মীয় প্রার্থনা হয়। এর আগে ভ্যাটিকান কর্তৃপক্ষ ডিক্রি জারি করে ওই তিন ভাষায় প্রার্থনা করার অনুমতি দেয়। সেখানে দেওয়া বক্তব্যে পোপ ফ্রান্সিস মেক্সিকোর আদিবাসীদের দুর্দশার করুণ চিত্র তুলে ধরেন। পোপ বলেন, ‘অনেক সময় একযোগে ও সংঘবদ্ধভাবে আপনাদের ভুল বোঝা হয়েছে। বিচ্ছিন্ন রাখা হয়েছে সমাজ থেকে।...কেউ কেউ আপনাদের মূল্যবোধ, সংস্কৃতি ও ঐতিহ্যকে খাটো করে দেখেছে। অন্যরা ক্ষমতা, অর্থ ও বাজারপ্রবণতার কারণে বোধশক্তি হারিয়ে আপনাদের ভূমি চুরি কিংবা দূষিত করেছেন।’
মেক্সিকোর চিয়াপাস রাজ্যে রোমান ক্যাথলিক খ্রিষ্টানের সংখ্যা কম হলেও পোপের বাণী শুনতে সেখানে জড়ো হন হাজারো মানুষ।
পরিবেশের প্রতি হুমকি নিয়ে সতর্ক করে দিয়ে পোপ বলেন, আদিবাসীদের প্রকৃতিপ্রেম থেকে বাকি বিশ্বের অনেক কিছু শেখার রয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্যাথলিক খ্রিষ্টান-অধ্যুষিত দেশ মেক্সিকোয় পাঁচ দিনের সফরে রয়েছেন পোপ ফ্রান্সিস। সফরজুড়েই পোপ জোরপূর্বক দেশান্তর ও মাদকের সঙ্গে জড়িত অসৎ ব্যক্তিদের সমালোচনা করে যাচ্ছেন। বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের নেতা ফ্রান্সিস দুর্দশাপীড়িত নাগরিকদের ‘ন্যায়বিচার’ নিশ্চিত করার জন্য মেক্সিকোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।