আনন্দের উৎসব হলো শোকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিসে হামলার ঘটনায় একে অপরকে জড়িয়ে ধরে প্রতিক্রিয়া জানান আতঙ্কিত লোকজন। আজ শুক্রবার ভোরে তোলা এএফপির ছবি।
নিসে হামলার ঘটনায় একে অপরকে জড়িয়ে ধরে প্রতিক্রিয়া জানান আতঙ্কিত লোকজন। আজ শুক্রবার ভোরে তোলা এএফপির ছবি।

আনন্দের উৎসবে মেতেছিলেন তাঁরা। রাতের আকাশজুড়ে ঝিকিয়ে উঠছিল আতশবাজির অগ্নিফুল। ঠিক এ সময় তেড়ে এল ঘাতক ট্রাক। উৎসবে যোগ দেওয়া মানুষের সব আনন্দে খড়্গ তুলে দেয় সেই ট্রাক। উৎসবের আনন্দ-রজনী নিমেষে পরিণত হয় ‘আতঙ্কের রাতে’। ঝরে যায় ৮৪ জন মানুষের প্রাণ।
গত বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নিস নগরে বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত আতশবাজির উৎসব এভাবে শোকে পরিণত হয়। এ সময় এক চালক একটি ভারী ট্রাক দ্রুতগতিতে জনতার ওপর তুলে দেন। সাগরসৈকতের কাছে ওই অবকাশ যাপনকেন্দ্রের প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ট্রাকটি টেনে নিয়ে যান চালক। এতে এখন পর্যন্ত ৮৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এএফপির খবরে জানানো হয়, উৎসবে আগত লোকজনের মধ্যে তাদের প্রতিবেদক রবার্ট হলোওয়ে ছিলেন। ট্রাকটি জনতার ওপর দিয়ে সবেগে যাওয়ার সময় উড়ে আসা টুকরা-টাকরা থেকে রক্ষা পেতে মুখ ঢাকতে হয় তাঁকে। হলোওয়ে বলেন, ‘এটা ছিল পুরোপুরি বিশৃঙ্খলা। লোকজনকে আঘাত করা হচ্ছে। চারপাশে উড়ছে ধ্বংসাবশেষের টুকরা। এসব থেকে মুখ বাঁচানোর চেষ্টা করতে হচ্ছিল।’
একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, প্রথমে তাঁরা ভেবেছিলেন, ওই চালক হয়তো ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়েছেন। নাদের নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘ট্রাকটি রাস্তায় ছিল। বহু লোককে পিষ্ট করে ট্রাকটি ঠিক আমার সামনে এসে থামে।’
ভাঙা ভাঙা ইংরেজিতে নাদের বলেন, ট্রাকচালককে ওই সময় ভীত দেখাচ্ছিল। ট্রাকের নিচে একটি মেয়ে পিষ্ট হয়। আমার পাশে দাঁড়ানো এক ব্যক্তি মেয়েটির লাশ টেনে বের করে। তাঁর ভাষ্য, এ সময় চালক পুলিশকে গুলি করার চেষ্টা চালায়। এর আগেই গুলি ছুড়ে পুলিশ তাঁকে হত্যা করে।