আনা ফ্রাঙ্কের আরেকটি বাড়ি কিনল ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাউন্ডেশনের নতুন কেনা আনা ফ্রাঙ্কের বাড়িটি আগের মতো করে সাজানো হয়েছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l এএফপি
ফাউন্ডেশনের নতুন কেনা আনা ফ্রাঙ্কের বাড়িটি আগের মতো করে সাজানো হয়েছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l এএফপি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসিদের হাত থেকে বাঁচতে আনা ফ্রাঙ্ক আমস্টারডামের যে বাড়িটির গোপন কুঠুরিতে লুকিয়েছিলেন, সেই বাড়িটি তত্ত্বাবধানকারী ফাউন্ডেশন জানিয়েছে, তারা আনার পরিবারের আরও একটি বাড়ি কিনেছে। ওই বাড়িতে আনার পরিবার ১৯৩০-এর দশকে বাস করত। তবে নতুন কেনা এ বাড়িটিকে জাদুঘর বানানোর কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে আনা ফ্রাঙ্ক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের মুখপাত্র আনমারি বেকার বলেন, আনা ফ্রাঙ্ক ১৯৩০-এর দশকে নেদারল্যান্ডসের আমস্টারডামের দক্ষিণাংশে অবস্থিত যে বাড়িতে ছিলেন, সেই বাড়িটি সযত্নে রাখা ফাউন্ডেশনের জন্য জরুরি। বাড়িটি এর আগে একটি গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে ছিল। কিন্তু তারা আর বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চাইছে না। আনার পরিবার ইটের তৈরি বাড়িটিতে ১৯৩৪ থেকে ১৯৪২ সাল পর্যন্ত ছিল। তখন যেমনটি করে বাড়িটি সাজানো ছিল, তেমন করেই বাড়িটি আবার সাজানো হয়েছে।

আনার জন্ম ১৯২৯ সালের ১২ জুন জার্মানির ফ্রাঙ্কফুর্টে। নেদারল্যান্ডসে পালিয়ে আসার পর গোপন কুঠুরির জীবন কিশোরী আনার লেখনীতে হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালজয়ী উপাখ্যান।

নাৎসি বাহিনী ১৯৪০ সালে নেদারল্যান্ডস আক্রমণ করে। এরপর ইহুদিদের ধরার জন্য তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালায়। তখন ১৯৪২ সালের ৬ জুলাই আনার পরিবার আমস্টারডামের বাড়িতে গিয়ে লুকায়। এর আগ পর্যন্ত ফাউন্ডেশনের নতুন কেনা বাড়িটিতেই ছিল আনার পরিবার। ১৯৪৪ সালের আগস্ট পর্যন্ত লুকিয়ে থাকা সেই জীবনের কথা আনা তাঁর দিনপঞ্জিতে লিপিবদ্ধ করেছেন, যা আনা ফ্রাঙ্কের ডায়েরি বলে বিশ্বজুড়ে সমাদৃত এক বই। বইটির তিন কোটির বেশি কপি বিক্রি হয়েছে। বহু ভাষায় অনূদিত হয়েছে। এ ছাড়া এর কাহিনি নিয়ে তৈরি হয়েছে নাটক, সিনেমা ও টিভি সিরিয়ালও।