অভিবাসীর ঢল ঠেকাতে একমত ইইউ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা গতকাল শুক্রবার মাল্টায় এক বিশেষ শীর্ষ বৈঠকে লিবিয়া হয়ে অভিবাসীদের ঢল ঠেকাতে একটি পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপ ও ব্রেক্সিট বিষয় দুটিও তাঁদের বৈঠকে ছায়া ফেলে।

আসন্ন বসন্তে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আবার ইউরোপের দিকে অভিবাসীর ঢল নামার আশঙ্কা রয়েছে। এ উদ্বেগ থেকে ইইউ জোটের ২৮ জন নেতা একটি কর্মপরিকল্পনার ব্যাপারে একমত হন। এর মধ্যে রয়েছে লিবিয়ার উপকূলরক্ষী বাহিনীকে ইতালিমুখী নৌযান ঠেকাতে সাহায্য করা এবং লিবিয়ায় আশ্রয়শিবির গড়ে তোলা।

 ব্রেক্সিট এবং যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ক্রমেই বেশি করে জটিল হয়ে ওঠা ভূরাজনীতি নিয়েও আলোচনা করেন নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইইউ নিয়ে বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দেন। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাজ্যের পর আরও দেশ ইইউ ত্যাগ করবে।