আবার গণভোট হলে স্বাধীনতার পক্ষে মত দেবে অধিকাংশ স্কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার গণভোট হলে স্কটল্যান্ডের অধিকাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেবে। গত শনিবার প্রকাশিত এক জনমত জরিপের ফলে এ তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্সের।
যুক্তরাজ্য থেকে পৃথক হওয়ার প্রশ্নে ছয় সপ্তাহ আগে স্কটল্যান্ডে অনুষ্ঠিত গণভোটে ‘না’ অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল।
টাইমস পত্রিকার জন্য পরিচালিত ইউগভ জরিপে অংশগ্রহণকারী স্কটদের ৫২ শতাংশ যুক্তরাজ্য থেকে পৃথক হয়ে একটি স্বাধীন দেশ অর্জনের পক্ষে। আর ৪৮ শতাংশ বর্তমান ব্যবস্থায় থেকে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। যাঁরা মতামত দেননি বা সিদ্ধান্ত দিতে পারেননি, তাদের হিসাব করলে স্বাধীনতার পক্ষে ৪৯ শতাংশ এবং বিপক্ষে ৪৫ শতাংশ মত পাওয়া যায়।
স্কটল্যান্ডে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণভোটে সেখানকার ৫৫ শতাংশ বাসিন্দা স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছিলেন। মনে করা হচ্ছে, নতুন জনমত জরিপের ফলাফলে যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড অসন্তুষ্ট হবেন।