আবার কি নির্বাচনের পথেই যাচ্ছে তুরস্ক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভোতগলু প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করছেন। জোট সরকার গঠনের সম্ভাবনা খুবই কম বলে আগাম নির্বাচনের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে দেশটিতে। খবর এএফপি ও রয়টার্সের।
রাজধানী আঙ্কারায় গতকাল মঙ্গলবারই প্রেসিডেন্ট এরদোয়ানের প্রাসাদে তাঁর সঙ্গে সাক্ষাতের কথা প্রধানমন্ত্রী দাভোতগলুর। সেখানে প্রথা অনুসারে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেবেন। আর প্রেসিডেন্ট তাঁকে নতুন সরকার গঠন করতে আমন্ত্রণ জানাবেন। গত রোববারের নির্বাচনে এরদোয়ানের দল একেপি জিতলেও এককভাবে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। নির্বাচনে একেপি ৪১ শতাংশ ভোট পায়। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ২৫ শতাংশ, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) ১৬ দশমিক ৫ শতাংশ এবং কুর্দি দল এইচডিপি পায় ১৩ শতাংশ ভোট। আর আসনের দিক থেকে ৫৫০ আসনের পার্লামেন্টে একেপি ২৫৮, সিএইচপি ১৩২, এমএইচপি ও এইচডিপি ৮০টি করে আসনে পেতে পারে। নির্বাচনে অভাবনীয় সাফল্য পায় এইচডিপি। তারা মূলত একেপির ভোটে ভাগ বসিয়েছে বলে মনে করা হচ্ছে।
সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মুখে কুর্দিদের দল এইচডিপি গতকাল জানিয়ে দিয়েছে, তারা একেপির নেতৃত্বে কোনো জোট সরকারে শামিল হচ্ছে না। দলটির উপনেতা সেলাহাতিন দেমিরতাস বলেন, ‘আমরা আগেও বলেছি, একেপি যে সরকারে আছে সেখানে আমরা নেই।’
কেবল এইচডিপি নয়, দেখা যাচ্ছে বিরোধী কোনো দলই একেপির সঙ্গে সরকার গঠনে আগ্রহী নয়। সহযোগী খোঁজার ক্ষেত্রে একেপির প্রথম পছন্দ হতে পারে তাদের মতোই রক্ষণশীল দল এমএইচপি। তবে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে শান্তি স্থাপন প্রক্রিয়া নিয়ে তারা সরকারের অবস্থানের বিরোধী। সিএইচপি এরদোয়ানকে স্বৈরাচারী বলে মনে করে। তবে দলটি বলেছে, তারা আলোচনার দরজা খোলা রেখেছে।
কোনো দলই সরকার গঠনে সক্ষম না হলে ৪৫ দিনের মধ্যে এরদোয়ান নতুন করে নির্বাচন আহ্বান করবেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াটা এরদোয়ানের জন্য একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। একেপির প্রতিষ্ঠাতাদের একজন এরদোয়ান ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। গত বছরের আগস্ট মাস থেকে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এরদোয়ান চেয়েছিলেন তাঁর দল বিপুল ভোটে জয়ী হোক। তা হলে তিনি সংবিধান সংশোধন করে সংসদীয় পদ্ধতি থেকে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার চালু করতেন।