আবার রক্তাক্ত ফ্রান্স,নিহত ৮৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীল আবরণে ঢাকা কয়েকটি মৃতদেহ ঘিরে সেনা, পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা। ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিস শহরে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীর ট্রাকচাপায় ৮৪ জন নিহত হন l ছবি: এএফপি
নীল আবরণে ঢাকা কয়েকটি মৃতদেহ ঘিরে সেনা, পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা। ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিস শহরে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীর ট্রাকচাপায় ৮৪ জন নিহত হন l ছবি: এএফপি

আট মাসের মাথায় আবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো ফ্রান্স। রাজধানী প্যারিসের পর এবারের ঘটনাস্থল ভূমধ্যসাগরতীরের নয়নাভিরাম অবকাশ শহর নিস। এ হামলার দায় গতকাল পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ ঘটনাকে ‘অনস্বীকার্য সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছেন। ফ্রান্সে ঘোষণা করা হয়েছে তিন দিনের জাতীয় শোক।
বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের আতশবাজির প্রদর্শনী দেখে ঘরে ফিরছিল হাজারো মানুষ। তাদের ওপর আচমকা ঝোড়ো গতিতে একটি ভারী ট্রাক তুলে দেন এক যুবক। পিষে ফেলেন অনেক মানুষকে। গুলিও ছুড়ছিলেন ওই চালক। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। ট্রাকটিও থেমে যায়। এ হামলায় নিহত হয়েছেন ৮৪ জন, আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮৮ জন।
হামলাকারীর নাম মোহাম্মদ লাউইজ বুলেল (৩১)। তিনি তিউনিসীয় নাগরিক, তবে বৈধভাবেই নিস শহরে বসবাস করতেন। হামলায় ব্যবহৃত ট্রাকে মিলেছে তাঁর পরিচয়পত্র। ছোটখাটো অপরাধের ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ ছিল, তবে জঙ্গি সন্দেহে তাঁর ওপর গোয়েন্দা নজরদারি ছিল না। ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস গতকাল বলেছেন, হামলাকারী ব্যক্তি একজন ‘সন্ত্রাসী’ ছিলেন। ইসলামি কট্টরপন্থার সঙ্গে সম্ভবত তাঁর কোনো না কোনো যোগসাজশ ছিল।

ফ্রান্সে গত দেড় বছরে এটি বড় ধরনের তৃতীয় সন্ত্রাসী হামলা। ফরাসি প্রেসিডেন্ট এই ‘সন্ত্রাসী’ হামলাকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়েছেন। মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে গতকাল শুক্রবার তিনি ছুটে যান ঘটনাস্থল নিসে।

ধর্মনিরপেক্ষতার চেতনা এবং মৌলিক রাষ্ট্রীয় আদর্শ ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের’ মূল্যবোধ সমুন্নত রাখতে প্রতিবছর ১৪ জুলাই জাতীয় দিবস পালন করে ফ্রান্স। ১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসের বাস্তিল দুর্গ গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল। সে কারণেই দিনটি বাস্তিল দিবস হিসেবে পরিচিত। ফরাসি মূল্যবোধের ওপর আঘাত করাই এ দিনে হামলার উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ওলাঁদ।

প্যারিস হামলার ক্ষত এখনো শুকায়নি। আট মাস আগে গত ১৩ নভেম্বর সেখানে উপর্যুপরি কয়েকটি জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করেছিল ফরাসি সরকার। তার মেয়াদ কয়েকবার বাড়ানো হয়। সেই জরুরি অবস্থা বহাল থাকা অবস্থায়ই পর্যটন শহর হিসেবে খ্যাত নিসে হামলা হলো। এর মেয়াদ আর বাড়ানোর কথা না থাকলেও নিসের হত্যাযজ্ঞ প্রেসিডেন্ট ওলাঁদকে বাধ্য করেছে তা আরও তিন মাস বাড়াতে। গতকাল তিনি এ ঘোষণা দিয়ে বলেছেন, ‘আরেকটি বেদনাদায়ক ঘটনার ভারে নিমজ্জিত হয়েছে ফরাসিরা। হামলাকারীদের বিরুদ্ধে লড়াই দীর্ঘমেয়াদি হবে।... ফ্রান্স শোকাতুর, তবে এখনো শক্তিশালী রয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, পোপ ফ্রান্সিস, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাৎক্ষণিকভাবে এ হামলার নিন্দা জানিয়েছেন। এ ছাড়া নিন্দায় সোচ্চার হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, স্পেন ও সুইডেনের কর্মকর্তারা। বারাক ওবামা বলেছেন, ‘এই হামলা আমাদের সবার জন্য হুমকি। আমরা নমনীয় হব না। ফ্রান্স হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো মিত্র। স্বাধীনতার জন্য আমরা পরস্পরের কাছে ঋণী। আমরা এখন ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াব।’

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, নিসের সাগরতীরের প্রমনাদ দে অংলে সড়ক ধরে সাদা রঙের বিশাল ট্রাকটি ইচ্ছা করেই প্রচণ্ড গতিতে আঁকাবাঁকাভাবে চালিয়ে যান ওই হামলাকারী। এ সময় আতঙ্কিত লোকজন দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করে। অনেকে শিশুদের বাঁচাতে রাস্তার পাশে ছুড়ে দেন।

নিসের একজন কর্মকর্তার ভাষ্য, ট্রাকটি প্রায় দুই কিলোমিটার ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যায়।

নাদের আল-শাফি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হামলাকারী গাড়িচালককে আমি মিনিট খানেক সামনাসামনি দেখেছি। লোকটিকে খুব বিচলিত দেখাচ্ছিল, যেন চারপাশে কিছু খুঁজছিল সে। আমি দুই হাত তুলে তাকে থামতে ইঙ্গিত করি...সে তখনই পুলিশের দিকে গুলি ছুড়তে শুরু করে।’

হামলাকারী লাউইজ বুলেল সম্পর্কে তিউনিসিয়ার নিরাপত্তা সূত্রগুলো জানায়, তিনি বিবাহিত এবং তিন সন্তানের বাবা ছিলেন। সর্বশেষ আট মাস আগে তিনি তিউনিসিয়ায় গিয়েছিলেন। নিসের রু দো তুরাঁ এলাকায় থাকতেন। প্রতিবেশীদের ভাষ্য, বুলেল একা থাকতেন। কেউ কথা বলতে চাইলেও তিনি এড়িয়ে চলতেন।

হামলার ঘটনাস্থলে গতকাল সকালে দেখা যায়, রাস্তায় শুকনো রক্তের ছোপ ছোপ দাগ। শিশুদের বহন করার অনেক চাকাওয়ালা যান ভেঙে চুরমার অবস্থায় ছড়ানো। রাস্তায় আধখাওয়া রুটি ও পরিত্যক্ত নানা জিনিসের স্তূপ। ১৯ টন ধারণক্ষমতার ভারী ট্রাকটিও দাঁড়িয়ে এক জায়গায়। কয়েকটি মৃতদেহ কম্বলে ঢেকে রাখা।

হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১০টি শিশু। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দুই মার্কিন নাগরিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ভিক্তোরিয়া সাভচেঙ্কো নামের একজন রুশ ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, লাউইজ বুলেল একাই এ হামলা চালিয়েছেন। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে তদন্ত চলছে।

প্যারিস হামলার পর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বলেছিল, ফ্রান্সসহ যেসব দেশ তাদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় যুদ্ধ চালাচ্ছে, সেখানে হামলার ওপর জোর দেবে তারা। নিস হামলার দায়িত্ব আইএস বা কোনো জঙ্গি সংগঠন গতকাল পর্যন্ত স্বীকার না করলেও তাদের সংশ্লিষ্টতার বিষয়টি তাৎক্ষণিকভাবে উড়িয়ে দেওয়া হয়নি।

ইরাকের সরকারি এবং কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আইএসবিরোধী জোটের হয়ে বিমান হামলায় অংশ নিচ্ছে ফ্রান্স। ইসলামপন্থী বিদ্রোহীদের দমনের লক্ষ্যে আফ্রিকায়ও সেনা পাঠিয়েছে দেশটি। এর আগে এ কথা উল্লেখ করে আফ্রিকাসহ অন্যত্র ফরাসি স্বার্থের ওপর জঙ্গি হামলা হয়েছে।

তবে নিসে হামলার পরও ফ্রাঁসোয়া ওলাঁদ জঙ্গিবিরোধী লড়াইয়ে অনমনীয় থাকার ঘোষণা দিয়ে বলেছেন, ‘সিরিয়া ও ইরাকে আমরা আরও জোরদার কার্যক্রম চালাব। আমরা এ দুর্ভোগ কাটিয়ে উঠবই। কারণ, আমাদের দেশ ঐক্যবদ্ধ।’

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে ফ্রান্সেই মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি। তাদের বেশির ভাগই আফ্রিকা থেকে আসা অভিবাসী। তাদের বড় অংশ সামাজিক ও আর্থিকভাবে অনগ্রসর এবং মূলধারা থেকে বিচ্ছিন্ন। ফ্রান্সে ইসলামি জঙ্গিবাদের বিস্তারের জন্য মুসলিম জনগোষ্ঠীর এ পশ্চাৎপদতা ও বিচ্ছিন্নতার বোধ অন্যতম প্রধান কারণ বলে মনে করেন অনেক বিশ্লেষক।