আমাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত: অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

জাতিসংঘ প্যানেলের প্রকাশ করা তদন্তের ফল বাস্তবায়ন করতে যুক্তরাজ্য ও সুইডেনকে আহ্বান জানিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি বলেছেন, ইকুয়েডর দূতাবাস থেকে তাঁকে মুক্তভাবে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত। বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য জানানো হয়।
আজ শুক্রবার লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে এক ভিডিও বার্তায় অ্যাসাঞ্জ বলেন, এবার যুক্তরাজ্য ও সুইডেনের কাজ হচ্ছে জাতিসংঘের দেওয়া রায় মেনে নেওয়া।
এর আগে বিশ্বজুড়ে গোপন নথি প্রকাশ করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জকে ‘বেআইনিভাবে আটক’ করা হয়েছে বলে মত দেয় জাতিসংঘের একটি প্যানেল। নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বিবিসির এক খবরে এ কথা বলা হয়।
জাতিসংঘের ওই মতকে স্বাগত জানিয়ে ৪৪ বছর বয়সী অ্যাসাঞ্জ বলেন, ‘এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিজয় যা আমার মুখে হাসি ফিরিয়ে এনেছে।’
২০১০ সালে সুইডেন ভ্রমণের সময় দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় দেশটির আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আছেন অ্যাসাঞ্জ। 

বিবিসির খবরে বলা হয়েছে, জাতিসংঘ প্যানেল তাদের তদন্তের ওই ফল পরে প্রকাশ করবে। তবে জাতিসংঘ প্যানেলের ওই সিদ্ধান্ত যুক্তরাজ্যে বা সুইডেন কর্তৃপক্ষকে মানতে হবে, এমন বাধ্যবাধকতা নেই।
২০১০ সালে আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ও পাঁচ লাখ সামরিক গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টি করে উইকিলিকস। অ্যাসাঞ্জের ভয়, তিনি সুইডেনে আদালতের মুখোমুখি হলে তাঁকে আসলে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। মার্কিন কর্তৃপক্ষ নথি ফাঁস করার অভিযোগে তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।