আরও আশ্রয়স্থল বানাবে ইউরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে আসা শরণার্থীদের স্রোত নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বলকান নেতারা ১৭ দফা পরিকল্পনায় সম্মত হয়েছেন। ব্রাসেলসের সম্মেলনে গত রোববার প্রস্তাবিত এসব পরিকল্পনার মধ্যে আছে বেশিসংখ্যক আশ্রয়স্থল নির্মাণ, সীমান্তে নিবন্ধন ও নৌ অভিযান বাড়ানো। খবর এএফপি ও গার্ডিয়ানের।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাংকার গতকাল সোমবার এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। সম্মেলনে ইইউভুক্ত ১১টি দেশ এবং এর বাইরের তিন দেশ অংশ নেয়। ব্রাসেলস সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হলো, ইউরোপে আসা শরণার্থীদের আশ্রয়কেন্দ্রগুলোতে ১ লাখ শরণার্থীর থাকার জন্য সাময়িক আশ্রয়কেন্দ্র নির্মাণ করা। আগামী জানুয়ারি মাসের মধ্যে অর্ধেকই তৈরি হবে গ্রিসে। আর বাকি অর্ধেক হবে মেসিডোনিয়া বা সার্বিয়ার মতো উত্তরের অন্যান্য দেশে। অভ্যর্থনা কেন্দ্রগুলোতে এসব স্থান তৈরি করতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সহায়তা দেবে।
এ বছর বিশেষ করে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে ৬ লাখ ৭০ হাজার শরণার্থী বিপৎসংকুল নৌপথ পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন জায়গায় পৌঁছায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ইতিহাসে এটিই ছিল শরণার্থীদের বড় স্রোত।
সম্মেলনে গৃহীত পরিকল্পনায় বলা হয়, যেসব লোক সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে, তাদের নিবন্ধন নিশ্চিত করবে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।
জাংকার বলেন, ‘সম্মেলনে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, তা অত্যন্ত বাস্তবসম্মত। বৃষ্টি আর শীতে মানুষ কষ্ট পাবে, এমনটি হতে দেওয়া হবে না।’
শরণার্থীদের ব্যবস্থাপনার বিষয়ে একে অপরকে সহায়তার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান জাংকার। তিনি বলেন, ‘শরণার্থীদের স্রোতের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই অনিয়ন্ত্রিত স্রোত রুখে দেওয়া সম্ভব। মানুষের অনিয়ন্ত্রিত স্রোত অবশ্যই বন্ধ করতে হবে।’
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলই এ সম্মেলন ডাকার পেছনে মুখ্য ভূমিকা পালন করেন। তিনি বলেন, ‘ইউরোপ যে মূল্যবোধ এবং ঐক্য সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে, তা তাদের প্রমাণ করতে হবে। এটা প্রাথমিক কাজ। সমস্যা সমাধানে আমাদের আরও সক্রিয় হতে হবে।’
সম্মেলনে গৃহীত প্রস্তাবে সীমান্তগুলোতে নজরদারি বাড়ানোর বিষয়টি উল্লেখ আছে। এ ছাড়া শরণার্থীদের নিবন্ধন ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করা হয়। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় বাস ও ট্রেনে তল্লাশি বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়।
জরুরি ব্যবস্থা হিসেবে এক সপ্তাহের মধ্যে স্লোভেনিয়ায় ৪০০ পুলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রিসের পসেইডন সাগরে যৌথ নজরদারি বাড়িয়ে শরণার্থীদের আগমন নিয়ন্ত্রণের প্রস্তাব রাখা হয়েছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৯ হাজার শরণার্থী এসেছে গ্রিসে। এ বছরে এটিই ছিল সর্বোচ্চ হার।