আরও একটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের
আরও একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। ওদেসা বন্দরের কাছে কৃষ্ণসাগরে অবস্থানরত রুশ যুদ্ধজাহাজটিকে ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সরকার। গত শনিবার ওদেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা ওই হামলা চালানো হয়েছে বলেও দেশটির দাবি।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত মাসে ওদেসা বন্দরের দক্ষিণে কৃষ্ণসাগরে আগুন লেগে ডুবে যায় রুশ যুদ্ধজাহাজ মস্কভা। তখন রাশিয়া দাবি করেছিল, যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধজাহাজটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ফলে ওই জাহাজটিতে থাকা গোলাবারুদের বিস্ফোরণ ঘটে। মস্কভা ডুবে যাওয়ার এক সপ্তাহ পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। নিখোঁজ হন আরও ২৭ নাবিক। বাকি ৩৯৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। সব নাবিককে কৃষ্ণসাগরে থাকা নিকটবর্তী রুশ জাহাজগুলোতে সরিয়ে নেওয়া হয়।
যদিও ইউক্রেনের দাবি, তাদের নেপচুন ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ডুবেছে মস্কভা। ওই ঘটনার এক মাস পর আরও একটি রাশিয়ার যুদ্ধজাহাজডুবির খবর পাওয়া গেল।
নতুন রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কৃষ্ণসাগরের স্নেক আইল্যান্ডে ভেড়ানো রুশ যুদ্ধজাহাজটিতে হামলা চালানো হয় বেরাকতার ড্রোন ব্যবহার করে। জাহাজে আগুন জ্বলছে, এমন একটি ভিডিও ফুটেজ টু্ইটারে পোস্ট করেছে মন্ত্রণালয়টি।
ইউক্রেনের মন্ত্রণালয়টি এক টুইট বার্তায় আরও বলেছে, বিজয় দিবস (ডি ডে) উপলক্ষে আগামীকাল (৯ মে) স্নেক আইল্যান্ডের কাছে সমুদ্রের তলদেশে মহড়া করবে কৃষ্ণসাগরে মোতায়েন রুশ যুদ্ধজাহাজের বহর।
৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) বিজয় দিবস। ১৯৪৫ সালের এই দিনে হিটলারের নাৎসি বাহিনীর পরাজয় ঘটে। তারপর থেকেই রাশিয়া দিনটি স্মরণ করে আসছে।
রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনার একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। সেখানে দেখা গেছে, গত শুক্রবার স্নেক আইল্যান্ডে রাশিয়ার স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। সেখান থেকে তীব্র কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
প্রকাশিত ছবিতে স্নেক আইল্যান্ডের উত্তর দিকের সৈকতে রাশিয়ান নৌবাহিনীর সেরনা-ক্লাস ল্যান্ডিং ক্রাফটের উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনীও একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ইউক্রেনের ড্রোন জাহাজটিতে হামলা করছে। এর পরপরই জাহাজটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।