আরও ক্ষমতা দিতে হবে স্কটল্যান্ডকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলা স্টার্জিয়ন
নিকোলা স্টার্জিয়ন

যুক্তরাজ্যের স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী ও স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নিকোলা স্টার্জিয়ন কর ও কল্যাণসংক্রান্ত ক্ষমতা চেয়েছেন কেন্দ্রের কাছ থেকে। তিনি বলেছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী ক্যামেরনকে তাঁদের কথা শুনতেই হবে। খবর বিবিসির।
যুক্তরাজ্যের সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে স্কটল্যান্ডে একচেটিয়া জয় পেয়েছে নিকোলা স্টার্জিয়নের দল এসএনপি। অনেকে বলছেন, ব্রিটিশ রাজনীতির গতিপ্রকৃতিই পাল্টে দিতে পারে তাদের এ বিপুল বিজয়। স্কটল্যান্ডের স্বাধীনতার লক্ষ্যে আরেকবার গণভোট আয়োজনের সুযোগও করে দিতে পারে তা।
গতকাল রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত সাক্ষাৎকারে স্টার্জিয়ন বলেন, তিনি কর আরোপ ও কল্যাণসংক্রান্ত ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে এরই মধ্যে বলেছেন। এসএনপিকে এখন কনজারভেটিভ পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী বলেও বর্ণনা করেন স্কটিশ এই নেতা।
এবারের নির্বাচনে অনেকের ধারণাকে ভুল প্রমাণ করে প্রধান বিরোধী দল লেবার পার্টি বড় ব্যবধানে হেরে গেছে কনজারভেটিভদের কাছে।
নিকোলা স্টার্জিয়ন বিবিসিকে বলেন, ‘বাণিজ্য কর, চাকরি, সর্বনিম্ন পারিশ্রমিক এবং কল্যাণসংক্রান্ত বিষয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য আমরা চাপ দেব। কারণ, এ বিষয়গুলো আমাদের দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রধান নিয়ামক।’
এসএনপি প্রধান বলেন, স্কটল্যান্ডকে রাজস্বসংক্রান্ত পূর্ণ স্বাধীনতা দেওয়ার পদক্ষেপ নিলে কয়েকটি প্রশ্ন উঠবে। যেমন প্রতিরক্ষা খাতে স্কটল্যান্ড কী পরিমাণে অবদান রাখবে এবং যুক্তরাজ্যের ঋণের সুদ প্রদানে কী পরিমাণে অর্থ দেবে।
চমক জাগিয়ে এককভাবেই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি এখন যুক্তরাজ্যের অখণ্ডতা ও জাতীয় ঐক্যের বিষয়ে জোর দিলেও স্কটল্যান্ডে এসএনপির বিস্ময়কর সাফল্য তাঁর সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে বিশ্লেষকেরা মনে করছেন। নিকোলা স্টার্জিয়নের এসএনপি সেখানে ৫৯টি আসনের মধ্যে ৫৬টিতেই জয়ী হয়েছে। এর আগের নির্বাচনে তাদের পাওয়া আসনসংখ্যা ছিল মাত্র ছয়।
মাইকেল গভ বিচারমন্ত্রী: এদিকে রয়টার্স জানায়, নিজের সবচেয়ে স্পষ্টবাদী ও লড়াকু মিত্র মাইকেল গভকে বিচারমন্ত্রীর পদ দিয়েছেন সদ্য পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মনে করা হচ্ছে এর মধ্য দিয়ে ক্যামেরন জানান দিলেন, তিনি আর সাবেক জোটসঙ্গী লিবারেল ডেমোক্র্যাটদের ওপর নির্ভরশীল নন। মাইকেল গভকে গত বছর শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়, যেটাকে তাঁর পদাবনতি হিসেবেই দেখা হচ্ছিল। বর্তমান বিচারমন্ত্রী ক্রিস গ্রেইলিং পাচ্ছেন হাউস অব কমনসে দলীয় নেতার পদ। 

টনি ব্লেয়ারের উপদেশ: জনসমর্থনের পাল্লা ভারী করতে হলে লেবার পার্টিকে অবশ্যই রাজনীতির কেন্দ্রভূমিতে ফিরে যেতে হবে। বৃহস্পতিবারের নির্বাচনে লেবারদের শোচনীয় হারের প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন দলটির সাবেক নেতা ও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। অবজারভার পত্রিকায় ব্লেয়ার লিখেছেন, লেবার পার্টিকে অধিকতর অংশগ্রহণমূলক ও উচ্চাকাঙ্ক্ষী হতে হবে।