আরও জটিল হচ্ছে ব্রেক্সিট বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ আদালতের রায়ের পর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (যা ব্রেক্সিট নামে বেশি পরিচিত) নিয়ে বিতর্ক আরও ঘোলাটে হয়ে উঠেছে। গত মঙ্গলবার দেওয়া রায়ে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট জানিয়েছে, সংসদের অনুমোদন নিয়ে ব্রেক্সিট-প্রক্রিয়া শুরু করতে হবে। এখন এমপিরা দাবি তুলেছেন, ব্রেক্সিট কার্যকরের পুরো পরিকল্পনা তুলে ধরে সরকারকে পার্লামেন্টে বিল উত্থাপন করতে হবে। কিন্তু সরকার চাইছে, সংক্ষিপ্ত এক বিলের মাধ্যমে ব্রেক্সিট কার্যকরের অনুমোদন আদায় করে নিতে।
চাপ এসেছে স্কটল্যান্ড ও ওয়েলস সরকারের পক্ষ থেকেও। স্কটল্যান্ডের সরকার বলেছে, ব্রেক্সিট নিয়ে ইতিমধ্যে তাদের ৫০টি প্রস্তাব তৈরি করা আছে। আর ওয়েলসের মুখ্যমন্ত্রী কারউন জোন্স এবং বিরোধী দলের লিয়ান উড গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একক বাজার এবং কাস্টমস ইউনিয়নের (এর মাধ্যমে সদস্যদেশগুলো শুল্কমুক্ত বাণিজ্য করে এবং অন্য দেশের সঙ্গে একক নীতিতে ব্যবসা করে) পূর্ণ সুবিধা রক্ষা ও চাহিদামাফিক অভিবাসন প্রবেশের সুযোগ রেখে ব্রেক্সিট কার্যকর করতে হবে।
আদালত রায়ে বলেছে, ব্রেক্সিট-প্রক্রিয়া শুরু করার জন্য সরকার প্রাদেশিক পার্লামেন্টের অনুমোদন চাইতে বাধ্য নয়। এর প্রতিক্রিয়ায় স্কটল্যান্ডের সাবেক মুখ্যমন্ত্রী অ্যালেক্স স্যালমন্ড বলেন, স্বার্থ রক্ষিত না হলে দুই বছরের মধ্যে স্কটল্যান্ড আবারও স্বাধীনতার দাবিতে গণভোটের আয়োজন করবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী মার্চের মধ্যে ব্রেক্সিট-প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়ে রেখেছেন। সম্প্রতি দেওয়া এক বক্তৃতায় তিনি ব্রেক্সিটের রূপরেখা তুলে ধরে বলেন, ব্রেক্সিট সমঝোতার মূল লক্ষ্য হবে ইইউ থেকে অভিবাসীদের অবাধ প্রবেশ বন্ধ করা। তা বাস্তবায়নে প্রয়োজনে ইইউর একক বাজার ছাড়বে যুক্তরাজ্য। তিনি আরও বলেন, তাঁর দেশ ইইউর কাস্টমস ইউনিয়নও ত্যাগ করবে, যাতে ইইউর বাইরের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি করতে পারে।
গতকাল বুধবার সংসদে প্রধানমন্ত্রীর নিয়মিত প্রশ্নোত্তর পর্বে এমপিরা ব্রেক্সিটের পূর্ণ পরিকল্পনা তুলে ধরে বিল আনার জোর দাবি জানান। এতে ব্রেক্সিট নিয়ে এমপিরা বিস্তারিত বিতর্কের সুযোগ পাবেন বলে তাঁরা যুক্তি দেখান। ইইউর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার বিরোধী লেবার দলের এমপিদের সঙ্গে অন্তত আধা ডজন সরকারি দলের এমপিও রয়েছেন।
আজ বৃহস্পতিবার সরকার ব্রেক্সিট বিল পার্লামেন্টে তুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির কোনো কোনো সংবাদমাধ্যম।