আরেক সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ আনল বেলজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় আরেক সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ আনল দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী গতকাল রোববার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

সরকারি কৌঁসুলি জানিয়েছেন, ওই সন্দেহভাজনের নাম আবদেরামানে। গত শুক্রবার ব্রাসেলসের স্কাহবেইকে অভিযান চালানোর সময় পুলিশকে প্রতিহত করার চেষ্টা করলে পুলিশ তাঁর পায়ে গুলি চালায়। ২০০১ সালে আফগানিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতা আহমেদ শাহ মাসুদকে হত্যাচেষ্টার দায়ে আবদেরামানেকে সাত বছরের কারাদণ্ড এবং ফ্রান্সে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে বেলজিয়াম কর্তৃপক্ষ গত শনিবার সন্দেহভাজন এক ব্যক্তি রাবাহের বিরুদ্ধে অভিযোগ আনে।

গত শনিবারই ফ্রান্সের প্যারিসের কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন রেদা ক্রিকেতকে আটক করে ফরাসি পুলিশ। তাঁর বাসা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। সিরিয়ায় ইসলামিক স্টেটের হয়ে যুদ্ধ করতে যেতে আগ্রহী জিহাদিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত করা হয় ক্রিকেতকে। তিনি প্যারিস হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন। গত বছরের নভেম্বরে ওই হামলার ঘটনায় ১৩০ জন নিহত হয়।

আর সম্প্রতি ব্রাসেলস বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে সন্ত্রাসী হামলায় ৩১ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়।