আর্মেনীয় হত্যাকাণ্ড বিংশ শতাব্দীর প্রথম গণহত্যা: পোপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্মেনীয়দের হত্যা করার ঘটনাকে ‘বিংশ শতাব্দীর প্রথম গণহত্যা’ আখ্যায়িত করেছেন পোপ ফ্রান্সিস। ওই হত্যাকাণ্ডের শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল রোববার ভ্যাটিক্যান সিটিতে আর্মেনীয় ক্যাথলিক উৎসবে পোপ এ কথা বলেন। পোপের এ বক্তব্যে তুরস্ক ক্ষুব্ধ হবে বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ তাঁর ঘোষণার ব্যাখ্যা দিয়ে বলেন, নারী-পুরুষ, শিশু, পুরোহিত, যাজকসহ যাঁদের নির্বিচারে হত্যা করা হয়েছে, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানানো তাঁর দায়িত্ব।
ইতিহাসবিদদের ধারণা, প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের ওসমানিয়া শাসকেরা প্রায় ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করেন। তবে তুরস্ক ওই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তাদের দাবি, ওই হত্যাকাণ্ডকে ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করা হয়েছে।