আর্মেনীয় হত্যাকে 'গণহত্যা আখ্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত বছর আগে অটোমান সাম্রাজ্যের সময় লাখ লাখ আর্মেনীয় হত্যার ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছে জার্মানি। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বাধীন জোট সরকারের উপস্থাপন করা এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটি সমর্থন জানায় বিরোধী দলে থাকা গ্রিন পার্টিও।

প্রস্তাবটি পাস হওয়ার পরপরই জার্মানিকে ধন্যবাদ জানিয়ে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড নালবানদিয়ান বলেছেন, আর্মেনিয়ায় গণহত্যা বিষয়টির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে এটি ‘মূল্যবান অবদান’।

প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে সংঘটিত ওই হত্যাকাণ্ডকে এ নিয়ে ফ্রান্স, রাশিয়াসহ ২০টিরও বেশি দেশ ‘গণহত্যা’ বলে স্বীকৃতি দিল।

তবে প্রস্তাব পাসের এ ঘটনায় এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানিতে তাঁর দেশের রাষ্ট্রদূতকে করণীয় আলোচনা করতে ডেকে পাঠিয়েছেন। সেই সঙ্গে আঙ্কারায় জার্মানির শার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হয়েছে। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম অবশ্য ‘আর্মেনীয় বর্ণবাদী লবিকেই’ দুষেছেন প্রস্তাবটি পাস হওয়ার জন্য।

জার্মানির পার্লামেন্টে প্রস্তাবটি যাতে পাস না করা হয়, সে জন্য বেশ আগে থেকেই তুর্কি সরকার তৎপর ছিল। জার্মান চ্যান্সেলরকে গত বুধবার টেলিফোন করে প্রস্তাবটি পাস হলে দ্বিপক্ষীয় সম্পর্কে এর প্রভাব পড়তে পারে বলে সতর্কও করে দেন তুরস্কের প্রেসিডেন্ট।