আল-কায়েদার প্রশিক্ষণ রয়েছে তাঁর!

ফ্রান্সের প্যারিসে সাপ্তাহিক শার্লি হেবদোর কার্যালয়ে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই ভাইয়ের মধ্যে একজন ইয়েমেনে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার কাছে প্রশিক্ষণ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানান।
এএফপির খবরে জানানো হয়, সন্দেহভাজন হামলাকারী সাইদ কোশি (৩৪) এক বছর ধরে সন্ত্রাসী হিসেবে যুক্তরাষ্ট্রের নজরদারির তালিকায় রয়েছেন। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ২০১১ সালে সাইদ কোশি ইয়েমেনে যান। সেখানে তিনি কায়েদার কাছ থেকে প্রশিক্ষণ নেন। ফ্রান্সের উত্তরাঞ্চলে নিরাপত্তা-রক্ষীরা হেলিকপ্টারে করে ওই দুই ভাইকে খুঁজছেন।
ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তাদের আল বায়ান বেতারে প্যারিসে হামলার ঘটনায় জড়িত দুই ভাই সাইদ কোশি ও শরিফ কোশিকে ‘বীর’ হিসেবে উল্লেখ করে।
ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহম্মদ (স.)-কে ব্যঙ্গ করে বিশ্বব্যাপী সমালোচিত হওয়া শার্লি হেবদোর কার্যালয়ে গত বুধবারের জঙ্গি হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ আট সাংবাদিক, দুই পুলিশ সদস্য ও অন্য দুজন। এ ছাড়া আহত হন আরও ১০ জন। ফ্রান্সের মাটিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই হামলার পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে নেমেছে।