আলবেনিয়ায় ভূমিকম্পে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ায় ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানী তিরানা ও পাশের এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় আজ ভোর চারটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। গত দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় ভূমিকম্প।
আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
জরুরি ত্রাণকাজে থাকা কর্মীরা জানান, নিহত লোকজনের মধ্যে এক বৃদ্ধা আছেন। তিনি তাঁর নাতিকে বুকে চেপে ধরে রক্ষা করেন।
আজকের ভূমিকম্পে দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে পাঁচ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।