সিরিয়ার বিদ্রোহীদের আলেপ্পো শহর ছাড়তে বলেছে দেশটির সরকার ও রুশ কর্তৃপক্ষ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে আলেপ্পো ত্যাগে আগ্রহী বিদ্রোহীদের অস্ত্রসহ নিরাপদে বেরিয়ে যেতে দেওয়া হবে। তবে বিদ্রোহীরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আগ্রহী বিদ্রোহীদের দুটি বিশেষ করিডর দিয়ে আলেপ্পো ত্যাগ করতে দেওয়া হবে। আর অন্য ছয়টি করিডর দিয়ে বেরিয়ে যাবে বেসামরিক লোক, অসুস্থ ও আহত ব্যক্তিরা। রুশ কর্তৃপক্ষ বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অযৌক্তিক ক্ষতি’ এড়াতে এ নির্দেশনা দিয়েছেন। তবে আলেপ্পো ত্যাগে রাশিয়া ও সিরিয়ার সরকারের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। বিদ্রোহী সংগঠন ফাস্তাকিমের এক নেতা জাকারিয়া মালাহিফজি বলেছেন, ‘রুশদের কাছে আমরা আলেপ্পো ছাড়ব না এবং আত্মসমর্পণ করব না।’