আলেপ্পোর ৯৩ শতাংশই সরকারের নিয়ন্ত্রণে: রাশিয়া
রাশিয়া দাবি করেছে, সিরিয়ার আলেপ্পো শহরের প্রায় ৯৩ শতাংশ এলাকাই এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে।
রুশ মুখপাত্র ইগর কোনাশেনকভ গতকাল শনিবার বলেন, আলেপ্পোর যে অংশে সংঘর্ষ চলছে, সেখান থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় চলে আসছেন। সিরিয়ার মিত্রদেশ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শুধু গতকালই ২০ হাজারের বেশি বেসামরিক মানুষ এত দিন বিদ্রোহীদের দখলে থাকা পূর্ব আলেপ্পো থেকে সরকারি বাহিনীনিয়ন্ত্রিত এলাকায় এসেছেন। এ ছাড়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর ১ হাজার ২০০ সদস্য অস্ত্র সমর্পণ করেছে।
এদিকে আলেপ্পোকে পুরোপুরি ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে ফ্রান্স ও সুইজারল্যান্ডে আলোচনা চলছে। প্যারিসে পশ্চিমা ও আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ নিয়ে আলোচনা করছেন। এঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও আছেন। অন্যদিকে জেনেভায় আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। গতকালও আলেপ্পোতে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় বিমান হামলা চালানো হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত ১৫ নভেম্বর পূর্ব আলেপ্পোতে সরকারি বাহিনীর অভিযান শুরুর পর থেকে গতকাল পর্যন্ত ৪৫ জন শিশুসহ কমপক্ষে ৪০৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আর জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতির পর সরকারনিয়ন্ত্রিত এলাকায় আসার পর গত কয়েক দিনে কয়েক শ মানুষ নিখোঁজ হয়েছেন।