আলেপ্পোতে ত্রাণ পৌঁছাতে রাশিয়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেপ্পোর মাদি শহরে বিমান হামলার পর হাসপাতালের বিছানা। ছবিটি গত মাসে তোলা। ছবি: এএফপি
আলেপ্পোর মাদি শহরে বিমান হামলার পর হাসপাতালের বিছানা। ছবিটি গত মাসে তোলা। ছবি: এএফপি

রাশিয়ার সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পো থেকে সামরিক তৎপরতা সাময়িকভাবে প্রত্যাহার করতে যাচ্ছে। চরম মানবিক বিপর্যয়ের মুখে ত্রাণ পৌঁছাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এএফপির খবরে জানানো হয়, আলেপ্পোর ধ্বংসযজ্ঞ নিয়ে যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় বলে অভিযোগ তুলেছে দেশটির চিকিৎসকেরা। সেখানকার ১৫ থেকে ৩৫ জন চিকিৎসক সহায়তা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠি দিয়েছেন।
বিবিসির খবরে জানা যায়, গতকাল বুধবার মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, স্থানীয় সময় ১০ থেকে একটা পর্যন্ত যুদ্ধবিরতি থাকবে। এ সময় রাশিয়ার সেনাবাহিনী কোনো হামলা চালাবে না।
তবে এটা স্পষ্ট না যে সিরিয়ার বিদ্রোহী দলগুলো দিনে তিন ঘণ্টার যুদ্ধবিরতি মেনে নেবে কি না।
জাতিসংঘ কর্মকর্তারা বলছে, আলেপ্পোর বিপর্যস্ত জনগণের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য এটা খুব অল্প সময়।

আলেপ্পোতে বিদ্রোহী ও রাশিয়া-সমর্থিত সিরীয় সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বিষাক্ত (টক্সিক) গ্যাস হামলা করা হয়েছে বলেও জানা গেছে।

স্বাস্থ্য-বিষয়ক কর্মকর্তারা বলছে, হামলায় চারজন নিহত ও অনেকে আহত হয়েছে।

এ অবস্থায় বারাক ওবামার কাছে লেখা এক চিঠিতে আলেপ্পোর চিকিৎসকেরা অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্র কোনো সক্রিয় ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন। তাঁরা দুর্গতদের জন্য কান্না, সহানুভূতি বা প্রার্থনা চান না বলে জানান। তাঁরা চান উদ্যোগ। প্রমাণ করতে হবে যে তারা সিরিয়ার বন্ধু।

চিঠিতে চিকিৎসকেরা ওবামাকে লেখেন, ‘আমরা খুব কষ্টের মধ্যে আছি। কে আমাদের বাঁচাবে। নাকি আমাদের এভাবেই মরতে হবে?’

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী স্টেপহেন ও ব্রিয়েন বলেন, দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দুই দিন সময়ের প্রয়োজন। এ জন্য দুটি রাস্তা বা লেনের বন্দোবস্ত করা দরকার। তিনি বলেন, জাতিসংঘ বেসামরিক নাগরিকদের সহায়তা দিতে প্রস্তুত।

গত ১৭ জুলাই থেকে আলেপ্পো অবরোধ করে আছে সরকারি বাহিনী। সরকারনিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের হামলায় অন্তত ১৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। এ সময় উভয় পক্ষের সাত শতাধিক সেনা নিহত হয়। এর মধ্যে বিদ্রোহীদের সংখ্যাই বেশি।

পাঁচ বছর আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত আলেপ্পো ছিল দেশের বৃহত্তম নগর। এটি একসময় সিরিয়ার বাণিজ্যিক রাজধানী ছিল। প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শনের জন্য এর খ্যাতি রয়েছে। গত পাঁচ বছরের গৃহযুদ্ধে এসব নিদর্শনের অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।