আলোচনা চালিয়ে যেতে একমত যুক্তরাজ্য–ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন।
ফাইল ছবি: এএফপি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) আগেই চূড়ান্ত করা হয়েছে। এখন বিচ্ছেদ–পরবর্তী সম্পর্ক কেমন হবে, তা নিয়ে চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষের মধ্যে তুমুল দর-কষাকষি চলছে। আজ রোববার গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইইউর প্রধান উরসুলা ভন ডার লায়েনের। যদিও দুই পক্ষ আগেই জানিয়ে রেখেছে, চুক্তির তেমন সম্ভাবনা তারা দেখছে না। তবে পরে জানা যায়, আলোচনা আরও চালিয়ে যেতে দুই পক্ষ একমত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চুক্তি করতে আলোচনা অব্যাহত থাকবে, নাকি এর সমাপ্তি টানা হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নিতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন আজ রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সেই অনুযায়ী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের সদর দপ্তরে বরিস ও উরসুলার বৈঠকের কথা ছিল। ওই বৈঠক সামনে রেখে যুক্তরাজ্যের আলোচক ডেভিড ফ্রস্ট ইইউর আলোচক মিশেল বার্নিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা দুজনই আশঙ্কা প্রকাশ করেন, চুক্তিসহ ব্রেক্সিট কার্যকরের সম্ভাবনা কম।

বিবিসি জানায়, তবে ওই বৈঠকের আগেই টেলিফোনে কথা বলেন বরিস ও উরসুলা। এ সময় অমীমাংসিত বড় বিষয়গুলো নিয়ে কথা বলেন। একপর্যায়ে তাঁরা আলোচনা আরও চালিয়ে যেতে একমত হন। পরে তাঁরা এক যৌথ বিবৃতিতে বলেন, আলোচনা অব্যাহত রাখাই দায়িত্বশীল আচরণ হবে। বিবৃতিতে জানানো হয়, ব্রাসেলসে উভয় পক্ষের আলোচকদের আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। বর্ধিত সময়েও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না, তা দেখতেই দুই নেতা সময় বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।

চলতি বছরের ৩১ জানুয়ারি ইইউর সঙ্গে বিচ্ছেদ হয় যুক্তরাজ্যের। ইইউ ও যুক্তরাজ্য এখন অন্তর্বর্তী সময় পার করছে, যার মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। দুই পক্ষের পরবর্তী সম্পর্ক কেমন হবে, তা নির্ধারণে ওই সময়ের মধ্যে চুক্তি করতে হবে। ফলে দিন যতই যাচ্ছে তাদের মধ্যে ততই উত্তেজনা বাড়ছে।

চলতি বছরের ৩১ জানুয়ারি ইইউর সঙ্গে বিচ্ছেদ হয় যুক্তরাজ্যের। ইইউ ও যুক্তরাজ্য এখন অন্তর্বর্তী সময় পার করছে, যার মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। দুই পক্ষের পরবর্তী সম্পর্ক কেমন হবে, তা নির্ধারণে ওই সময়ের মধ্যে চুক্তি করতে হবে। ফলে দিন যতই যাচ্ছে তাদের মধ্যে ততই উত্তেজনা বাড়ছে।

এদিকে ইইউর সঙ্গে আলোচনার মধ্যেই গতকাল শনিবার নাটকীয় একটি পদক্ষেপের ঘোষণা দেয় যুক্তরাজ্য। দেশটি বলেছে, যুক্তরাজ্যের জলসীমায় মাছ শিকার থেকে ইইউর জেলেদের প্রতিহত করতে ১ জানুয়ারি থেকে সশস্ত্র টহল শুরু করবে ব্রিটিশ নৌবাহিনী। জোটের বর্তমান নীতি অনুযায়ী যুক্তরাজ্যের জলসীমায় অবাধে মাছ শিকার করতে পারে প্রতিবেশী ইইউভুক্ত দেশগুলো।

যুক্তরাজ্য অনেকটা কঠোর হলেও ইইউ ততটা নয়। উরসুলা ভন ডার লিয়েন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ব্রেক্সিট–পরবর্তী অন্তর্বর্তী সময় শেষ হওয়ার পর তাঁরা যুক্তরাজ্যের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাবেন। নিজেদের প্রধান প্রধান নীতি বিষয়ে কোনো পক্ষই এখন ছাড় দিতে রাজি নয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন। বেলজিয়ামের ব্রাসেলসে ১৩ ডিসেম্বর।
ছবি: রয়টার্স

চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মূলত বাধা তিনটি বিষয়। ইইউর বর্তমান নীতি অনুযায়ী যুক্তরাজ্যের জলসীমায় অবাধে মাছ শিকার করতে পারে প্রতিবেশী ইইউভুক্ত দেশগুলো। ইইউ চায় এ সুযোগ বলবৎ রাখতে। অন্যথায় ইইউর বাজারে ব্রিটিশদের শুল্কমুক্ত মাছ রপ্তানির সুযোগ দিতে রাজি নয় তারা। বাজার প্রতিযোগিতায় যুক্তরাজ্য যাতে অন্যায় সুবিধা নিতে না পারে, সে জন্য কর্মী অধিকার ও পরিবেশবিষয়ক আইনগুলো সমান রাখার বিষয়টি নিশ্চিত করতে চাইছে ইইউ। এ ছাড়া যুক্তরাজ্য চুক্তির কোনো নিয়মভঙ্গ করলে শুল্ক আরোপের মাধ্যমে সাজা দিতে চায় ইইউ। আর উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে, তা সুরাহার দায়িত্ব ইইউ আদালতের কাছেই ন্যস্ত রাখতে চায় তারা।

তবে শেষ পর্যন্ত বাণিজ্য চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর হলে নিজেদের মধ্যে বাণিজ্য কার্যক্রম চালাতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম মেনে চলতে হবে উভয় পক্ষকে। সে ক্ষেত্রে বিশ্ব সংস্থাটির নিয়ম মেনেই পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে। পণ্য আমদানি–রপ্তানির জন্য নানা আনুষ্ঠানিকতা মেনে চলতে হবে দুই পক্ষকে। বিশেষজ্ঞরা বলছেন, ওই আলোচনা ব্যর্থ হলে ভবিষ্যতে লন্ডন ও ব্রাসেলসের মধ্যকার সম্পর্কে তিক্ততা সৃষ্টি হবে।