আলোচনার পক্ষে ইউরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের ঋণসংকট মোচনে দেশটির সঙ্গে আলোচনার পক্ষে ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও স্পেন। তারা গ্রিসকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে জার্মানি বলেছে, আলোচনায় বসার আর কারণ নেই। খবর খবর এএফপি ও রয়টার্সের।
গতকাল সোমবার গ্রিসকে নতুন প্রস্তাব নিয়ে সমঝোতা আলোচনার টেবিলে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছে ফ্রান্স। এর আগে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের সঙ্গে ইউরোপের অন্য নেতাদের মতপার্থক্য নিরসনে চেষ্টা করে ব্যর্থ হন।
রাশিয়া আশা করছে, গ্রিস শিগগিরই আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে চুক্তি করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা চাই গ্রিসের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে দেশটি যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে সমঝোতা করবে এবং চুক্তি সই করবে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একজন মুখপাত্র গতকাল বলেন, ‘না’ ভোটের এই জয়ের পর গ্রিস ও ইউরোজোনের উচিত একটি টেকসই সমাধান বের করা।
স্পেনের অর্থমন্ত্রী মাইকেল সাপিন বলেছেন, এখন নতুন করে প্রস্তাব দেওয়ার বিষয়টি নির্ভর করছে গ্রিসের সরকারের ওপর।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র স্টেফেন সেইবার্ত গতকাল বলেন, গতকালের (গত পরশু) ভোটে গ্রিসের নাগরিকদের সিদ্ধান্তের আলোকে নতুন করে সহায়তা প্রকল্প দেওয়ার বিষয়ে সমঝোতা আলোচনা শুরু করার কোনো ভিত্তি নেই।