আল্পসে তুষারধসে পাঁচ সেনা নিহত
আল্পস পর্বতমালায় তুষারধসে ফরাসি সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। সেনাসদস্যরা ওই পর্বতমালার পেতিত আর্জেন্টিয়ার এলাকায় ২ হাজার ২০০ মিটার উঁচুতে অন্য সেনাদের সঙ্গে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিলেন। খবর এএফপি ও বিবিসির।
গতকাল তুষারধসের এ ঘটনায় হতাহত ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। মহড়ায় অংশগ্রহণকারী ফরাসি সেনারা ফ্রেঞ্চ ফরেন লিজিওন নামে ফরাসি বাহিনীর সদস্য। এই বাহিনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৈনিক নেওয়া হয়।
পাঁচ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ শোক প্রকাশ করেছেন। এ ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন তিনি। গত বুধবার পেতিত আর্জেন্টিয়ার এলাকার কাছাকাছি স্থানে তুষারধসে ইউক্রেনের এক পর্যটকসহ দুই স্কুলছাত্র নিহত হয়।
ইউরোপে অবস্থিত পর্বতমালাগুলোর অন্যতম আল্পস পর্বতমালা পূর্বে অস্ট্রিয়া ও স্লোভানিয়া এবং পশ্চিমে ইতালি, সুইজারল্যান্ড হয়ে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত। আল্পস পর্বতমালার সবচেয়ে উচ্চতম পর্বত ইতালি-ফ্রান্স সীমান্তে অবস্থিত মোঁ ব্লঁ, যার উচ্চতা ৪ হাজার ৮০৮ মিটার।