করোনার নতুন ধরন
আশার কথা শোনাল ইইউ
ফাইজার-বায়োএনটেকের টিকাটি নতুন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধেও সুরক্ষা দেবে বলে মনে হচ্ছে। এই নতুন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে টিকাটি অকার্যকর—এমন কোনো তথ্য-প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, বলেছেন ইউরোপীয় ওষুধ সংস্থার প্রধান এমার কুক
নতুন ধরনের (স্ট্রেইন) করোনাভাইরাসের (কোভিড–১৯) বিরুদ্ধেও ফাইজার-বায়োএনটেকের টিকাটি কার্যকর। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) টিকাটি বাজারজাতকরণে অনুমোদনের ঘোষণার সময় এ তথ্য জানান ইউরোপীয় ওষুধ সংস্থার (ইএমএ) প্রধান এমার কুক।
ইএমএ আজ সোমবার ফাইজারের টিকাটির অনুমোদন দেয়। এতে করে আগামী কয়েক দিনের মধ্যেই ইইউ জোটের সব দেশে করোনার এই টিকা প্রয়োগ শুরু হওয়ার পথ প্রশস্ত হলো। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকাটি উদ্ভাবনে সহযোগিতা করেছে জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক।
বার্তা সংস্থা এএফপি জানায়, অনলাইনে এক সংবাদ সম্মেলনে এমার কুক বলেন, ফাইজার-বায়োএনটেকের টিকাটি নতুন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধেও সুরক্ষা দেবে বলে মনে হচ্ছে। তিনি বলেন, এই নতুন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে টিকাটি অকার্যকর, এমন কোনো তথ্য-প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ইএমএর টিকা অনুমোদনের এ ঘোষণা আসার কথা ছিল ২৯ ডিসেম্বর। কিন্তু জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্যরাষ্ট্রগুলোর পক্ষ থেকে চাপের মুখে তড়িঘড়ি এ অনুমোদন দিতে হলো বলে এএফপির খবরে জানানো হয়েছে।
যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে নতুন ধরনের করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের বাইরে ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইতালি, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে করোনার নতুন এই ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইউরোপের দেশগুলোসহ বিভিন্ন দেশ একে একে যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। সৌদি আরব তো সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় যাওয়া যেকোনো দেশের নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
এমন পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় ওষুধ সংস্থার (ইএমএ) টিকা অনুমোদনের ঘোষণাটি এল। সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান এমার কুক বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইএমএর বৈজ্ঞানিক কমিটি আজ বৈঠক করেছে। তারা শর্ত সাপেক্ষে ইইউর ভেতরে ফাইজার-বায়োএনটেকের টিকা বাজারজাত করার অনুমোদন দিতে সুপারিশ করেছে।’
এমার কুক আরও বলেন, ইইউ এই প্রথম করোনার কোনো টিকার বাজারজাতকরণের অনুমোদন দিল, যা করোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এতে করে এই জোটের ২৭টি দেশেই ফাইজার-বায়োএনটেকের টিকাটি সরবরাহ সম্ভব হবে। তিনি বলেন, এক বছরের মধ্যে টিকা উদ্ভাবন ও এর অনুমোদনের এ ঘটনা সত্যিকার অর্থেই ঐতিহাসিক বৈজ্ঞানিক অর্জন।
অবশ্য ইএমএর আগেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে। এসব দেশের বেশ কয়েকটিতে এরই মধ্যে টিকা দেওয়া শুরুও হয়ে গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র দেশটির আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার টিকারও জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে।