আশার পথ বেছে নিয়েছে ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমানুয়েল ম্যাখোঁ
ইমানুয়েল ম্যাখোঁ

ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, তাঁর দেশ ‘আশার পথ’ বেছে নিয়েছে। গতকাল রোববার প্যারিসের এলিজে প্রাসাদে আনুষ্ঠানিক অভিষেকের পর তিনি নির্বাচনকে ঘিরে ফরাসি সমাজে তৈরি হওয়া বিভেদ ঘোচানোর অঙ্গীকার করেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পতাকা আবার তুলে ধরারও প্রতিশ্রুতি দেন ম্যাখোঁ। ইইউর সঙ্গে সম্পর্ক ছিল এবারের নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
৩৯ বছর বয়সী মধ্যপন্থী নেতা ম্যাখোঁ এক সপ্তাহ আগে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ভোটে জয়ী হন। তিনি কট্টর ডানপন্থী রাজনীতিক মারিন লো পেনকে বড় ব্যবধানে হারিয়েছেন।
বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল এলিজে প্রাসাদে ম্যাখোঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। তারপর এক রুদ্ধদ্বার বৈঠকে নতুন নেতার হাতে ফ্রান্সের পারমাণবিক অস্ত্রভান্ডার সক্রিয় করার গোপন সংকেত তুলে দেন ওলাঁদ। তিনিই একসময় ম্যাখোঁকে নিজের পরামর্শক ও পরে মন্ত্রিসভার সদস্য পদে নিয়োগ দিয়েছিলেন। সাবেক এই বিনিয়োগ-ব্যাংকার রাজনীতিতে নিতান্তই অনভিজ্ঞ, এমনকি আগে কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেননি।
সাংবিধানিক পরিষদের প্রধান লরাঁ ফাবিউস ম্যাখোঁকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে ম্যাখোঁ বলেন, ফরাসি জনগণ প্রেসিডেন্ট নির্বাচনে একটা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। বিশ্ব এবং ইউরোপের প্রয়োজনে এখন ফ্রান্সকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হতে হবে।
ইউরোপীয় জোটের সঙ্গে ঘনিষ্ঠতার প্রতি গুরুত্ব বোঝাতে ম্যাখোঁ আজ মঙ্গলবারই বার্লিনে গিয়ে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে দেখা করবেন। এটাই হবে প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম বিদেশ সফর।
নতুন ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিত গতকালের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৬৪ বছর বয়সী এই নারী একসময় শিক্ষকতা করতেন। ম্যাখোঁ উচ্চবিদ্যালয়ে পড়ার সময় ব্রিজিতের কাছে নাটকের পাঠ নেন। দুজনের বয়সের ব্যবধান নিয়ে ফরাসি প্রেসিডেন্টকে কিছু তির্যক মন্তব্য শুনতে হয়েছে।
ফ্রান্সের নতুন প্রেসিডেন্টকে বেশ কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এসবের মধ্যে রয়েছে বেকারত্বের উচ্চহার, ইসলামি জঙ্গিবাদ অনুপ্রাণিত করা, সহিংসতা মোকাবিলা এবং গভীরভাবে বিভক্ত একটি দেশে ঐক্য ফিরিয়ে আনা। সমাজতন্ত্রী প্রেসিডেন্ট ওলাঁদের পাঁচ বছরের শাসনামলে ফ্রান্সের অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে এবং একের পর এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৩০ জন নিহত হয়। সব মিলিয়ে একটা নেতিবাচক পরিস্থিতির মধ্যে মাত্র এক মেয়াদ পার করেই ক্ষমতা ছাড়লেন প্রেসিডেন্ট ওলাঁদ।
প্রেসিডেন্ট ম্যাখোঁর প্রথম সপ্তাহ খুব ব্যস্ততায় কাটবে। আজ সোমবার তিনি প্রধানমন্ত্রী পদে নিজের পছন্দের ব্যক্তির নাম ঘোষণা করতে পারেন। ইইউর ঐক্যপন্থী ম্যাখোঁ এ জোট থেকে যুক্তরাজ্যের প্রস্থান বা ব্রেক্সিটের পর একে নতুন রূপে শক্তিশালী করে তুলতে আগ্রহী। আগামী জুনে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়বেন ম্যাখোঁ। পার্লামেন্ট নির্বাচনে তাঁর রাজনৈতিক দল রেপুবলিক অঁ মার্শ (সামনের পথে দেশ) সংখ্যাগরিষ্ঠতার আশায় লড়বে। নিজের নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টের এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া খুব প্রয়োজন। মাত্র এক বছর বয়সী রাজনৈতিক দলটি চলতি সপ্তাহে ৪২৮টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। পার্লামেন্টের নিম্নকক্ষে আনকোরা সদস্যদের নিয়ে আসার আগ্রহ দেখিয়েছেন ম্যাখোঁ। তালিকাভুক্ত ব্যক্তিদের অর্ধেকই আগে কখনো নির্বাচন করেননি। আর তাঁদের অর্ধেকই নারী।
ফ্রান্সের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দেশের প্রধান দুই দল (বাম ও ডানপন্থী) হালে পানি পায়নি। তাদের প্রার্থীরা প্রথম ধাপেই ছিটকে পড়েছেন। অজনপ্রিয় প্রেসিডেন্ট ওলাঁদ গত ডিসেম্বরে ঘোষণা দেন, তিনি দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ফ্রান্সে ১৯৫৮ সালের পর এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নেন।

গণতান্ত্রিক দেশগুলোয় অতীত ও বর্তমানের অল্পবয়সী নেতারা
গণতান্ত্রিক দেশগুলোয় অতীত ও বর্তমানের অল্পবয়সী নেতারা