আশ্রয়প্রার্থীদের গন্তব্য কোথায়?
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উপকূলে পৌঁছানো শরণার্থীরা ওই দেশটিতে থাকতে চান না। কারণ, গ্রিস নিজেই অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। তাই শরণার্থীরা দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত পেরিয়ে মেসিডোনিয়ায় প্রবেশ করেন। সেখান থেকে তাঁরা ট্রেনে করে আরও উত্তরে সার্বিয়া-হাঙ্গেরি পার হয়ে ইউরোপের তুলনামূলক বেশি সমৃদ্ধ দেশ জার্মানি, নেদারল্যান্ডস বা সুইডেনে যেতে চান।
মেসিডোনিয়ার কর্তৃপক্ষ সীমান্তে কড়াকড়ি আরোপ করলে গত শুক্রবার বিপাকে পড়েন হাজারো শরণার্থী। তাঁরা প্রবল বৃষ্টি ও নিম্ন তাপমাত্রার মধ্যেই সীমান্তে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন। তাঁদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে যে সীমান্তে নারী-শিশুসহ হাজারো শরণার্থী এবং অভিবাসীর অরক্ষিত অবস্থায় দিন কাটানোর বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন।
গ্রিস ও মেসিডোনিয়ার সীমান্তে এখনো বহু ফাঁকফোকর রয়েছে। কারণ, দুটি দেশেই সীমান্তে টহল সীমিত। এই সুযোগে অভিবাসীরা গ্রিস ও মেসিডোনিয়াকে তাঁদের ‘গন্তব্যে’ পৌঁছানোর পথ হিসেবে ব্যবহার করেন। তাঁদের অনেকে তুরস্ক থেকে যাত্রা শুরু করেন। এরপর নৌপথে গ্রিসে বা হেঁটে বুলগেরিয়ায় গিয়ে সেখান থেকে মেসিডোনিয়া ও সার্বিয়ার ওপর দিয়ে আরও উত্তরের পথে এগিয়ে যান। এই দীর্ঘ যাত্রায় মেসিডোনিয়া পেরোনোটাই তাঁদের জন্য সবচেয়ে বিপজ্জনক পর্ব। কারণ, সেখানে রয়েছে সশস্ত্র দুর্বৃত্ত ও মাফিয়াদের দৌরাত্ম্য। তাই, শরণার্থীরা অনেক সময় অপেক্ষা করেন এবং আরও লোকজন জড়ো হয়ে দল ভারী করে আবার উত্তরের পথে যাত্রা শুরু করেন।
চলতি বছর এ পর্যন্ত প্রায় ২ লাখ ৬৪ হাজার ৫০০ লোক ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে প্রবেশ করেছেন। এঁদের মধ্যে গ্রিসে ১ লাখ ৫৮ হাজার ৪৫৬, ইতালিতে প্রায় ১ লাখ ৪ হাজার, স্পেনে ১ হাজার ৯৫৩ এবং মাল্টায় ৯৪ জন অবস্থান করছেন। সূত্র: এপি ও সিএনএন।