আড়ি পাতা নিয়ে তুরস্কে ব্যাপক অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ শীর্ষস্থানীয় ব্যক্তিদের টেলিফোনে আড়ি পাতার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে দেশজুড়ে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। খবর এএফপির।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়া বলেছে, ওই অপরাধে জড়িত সন্দেহভাজন ৫৪ জনের বিরুদ্ধে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল বুধবার থেকে তাঁদের ধরতে দেশব্যাপী শুরু হয় এই অভিযান। ৪০ জনকে এরই মধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।
আড়ি পাতায় জড়িত ব্যক্তিদের পুলিশ তৎপরতা চালিয়ে যেতে দিয়েছে বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্টের বিরোধী ও যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় ব্যক্তিত্ব ফেতহুল্লাহ গুলেনের নির্দেশেই তাঁরা এই তৎপরতা চালাচ্ছিলেন বলে খবরে বলা হয়।
রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর বিরুদ্ধে ওঠা একটি দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগের স্রষ্টা হিসেবে ফেতহুল্লাহকে দায়ী করে থাকেন। ওই অভিযোগের জেরে ২০১৩ সালে এরদোয়ান সরকারের ভিত নড়ে উঠেছিল।