আয়লান হতে হলো না ৫ দিনের শিশুকে

আয়লানের কথা মনে থাকার কথা। সাগরে ইউরোপ যাওয়ার পথেই মারা যায় সে। এবার ৫ দিন বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করে উদ্ধারকারীরা। উদ্ধারকারীদের তৎপরতায় এবার অন্তত সমুদ্রসৈকতে আয়লানের মতো সেই ছবি বিশ্ববাসীকে আর দেখতে হলো না।
৫ দিনের ছোট একটি শিশু ধূসর গোলাপি কম্বলের ভেতর থেকে উঁকি দিচ্ছে। ছোট্ট শিশুটি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হাত দিয়ে চিবুক ধরছে আর ছাড়ছে। এই ছোট্ট জীবনে সে অনেক কিছুই দেখে ফেলল। কিন্তু অবুঝ শিশুটি বুঝতে পারছে না যে কি ঘটে গেল তার জীবনে।
গত সোমবার এই শিশু ও তার যমজ ভাই এবং মাসহ সাড়ে ৬ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে লিবিয়ার উপকূল থেকে। প্রায় ৩০ ঘণ্টা ধরে ভূমধ্যসাগরে উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।
খবরে বলা হচ্ছে, ভূমধ্যসাগরে একটি জনাকীর্ণ কাঠের জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়। মা ৫ দিন বয়সী যমজ শিশুদের নিয়ে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা হন। লিবিয়ার উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
উত্তর আফ্রিকা থেকে ইউরোপ পাড়ি দিচ্ছিল অভিবাসীদের একটা বড় দল। বেশির ভাগই ইরিত্রিয়া ও সোমালিয়ার বাসিন্দা। সেই দলেই ছিল সদ্যোজাত ওই শিশুর পরিবার। পাঁচ দিনের ওই শিশুকে নিয়েই বিদেশে আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছিলেন তাঁর বাবা-মা। সঙ্গে ছিল যমজ দুই ভাই।

কয়েকটি কাঠের নৌকায় করে তাঁরা ইউরোপের দিকে যাচ্ছিলেন। লিবিয়া উপকূল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে নৌকাটির জ্বালানি ফুরিয়ে যায়। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় হুড়োহুড়িতে নৌকাটি দুলতে থাকে। ইতালির কোস্টগার্ডের নজরে আসে নৌকাটি। তবে এর আগেই অনেকে ভূমধ্যসাগরের ঝাঁপ দেন। মাঝ সমুদ্র থেকেই এদের উদ্ধার করা হয়। এদের মধ্যে অনেক শিশুও ছিল। এই দলেই ছিল যমজ শিশু ও তার মা। উদ্ধার অভিযানে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং বেসরকারি সংস্থা প্রঅ্যাকটিভা ওপেন আর্মস ও মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স।
এর আগে কুর্দি শিশু আয়লান ও তাঁর পরিবার সিরিয়া থেকে ইউরোপ যাওয়ার পথেই মারা যান। তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের ছবি সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। উদ্ধারকারীদের তৎপরতায় এবার অন্তত সেই ছবি বিশ্ববাসীকে আর দেখতে হলো না।