আয়লানের পর আরেক শিশুর মরদেহ
আরেকটি চার বছর বয়সী সিরীয় শিশুর মরদেহ পশ্চিম তুরস্কের সমুদ্রসৈকতে ভেসে এসেছে গতকাল শুক্রবার। বিশ্বকে কাঁপিয়ে দেওয়া আয়লানের মরদেহ তুরস্কের সমুদ্রসৈকতে ভেসে আসার দুই সপ্তাহ পর এই সিরীয় মেয়েটির নিথর দেহ ভেসে এল। খবর এএফপির।
১৫ শরণার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় চার বছরের মেয়েটিই একমাত্র হতভাগা। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিরীয় শরণার্থীকে বহন করা একটি নৌকা গ্রিসের কায়স দ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করলে সেটি ডুবে এই দুর্ঘটনা ঘটে। তুরস্কের আনাতোলিয়া বার্তা সংস্থা জানাচ্ছে, টিউবের তৈরি নৌকায় থাকা অপর ১৪ জনকে উদ্ধার করেছে তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা। এর মাঝে আটটি শিশু ছিল।
তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের নিথর দেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। বড় ধরনের ঝাঁকুনি খায় অভিবাসী-সংকট নিয়ে ইউরোপের নেতাদের নীতি।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী নোমান কুরতুলমাস বলেন, তুরস্কের কোস্টগার্ড সদস্যরা এই বছর দেশটির উপকূল থেকে ৫৩ হাজারের বেশি অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করেছে। এ সময়ের মাঝে প্রায় ২৭৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তুরস্কের সমুদ্রসীমায়।