প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরীয় শিশু আয়লান কুর্দির বাবা আবদুল্লাহ কুর্দি পলায়নপর সিরীয় অভিবাসীদের জন্য দ্বার খুলে দিতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছেন। আসন্ন বড়দিন উপলক্ষে এক বার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের চ্যানেল ফোর টিভি খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনে এটি সম্প্রচার করবে। আবদুল্লাহ কুর্দি সপরিবারে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করলে নৌকা ডুবে শিশু আয়লান, তার এক ভাই ও মা নিহত হয়। সৈকতে আয়লানের প্রাণহীন দেহের ছবিটি বিশ্বজুড়ে ঝড় তোলে। আবদুল্লাহ বার্তায় বলেছেন, কেউ যদি শরণার্থীদের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, তাহলে বিষয়টা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। আর কেউ তার দ্বার খুলে দিলে ওই মানুষগুলো আর অপমানিত বোধ করে না। এএফপি