আয়ারল্যান্ডে ব্রিটিশ বিরোধী বিদ্রোহের শতবর্ষ উদ্যাপন
আয়ারল্যান্ডে গতকাল রোববার ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনবিরোধী বিদ্রোহ ‘ইস্টার অভ্যুত্থানের’ শতবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এর ধারাবাহিকতায় দেশটি স্বাধীনতা পায়। এটি ছিল দিবসটি উদ্যাপনে আয়ারল্যান্ডে স্মরণকালের সবচেয়ে বড় আয়োজন।
আইরিশ প্রজাতন্ত্র ঘোষণাকারী আন্দোলনকারীদের স্মরণে গতকাল রাজধানী ডাবলিনের প্রায় সাড়ে ৪ কিলোমিটারজুড়ে বিশাল প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাড়ে তিন হাজারের বেশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্য।
ও’কনেল স্ট্রিটে তৎকালীন বিদ্রোহীদের সদর দপ্তর জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সামনে আয়োজিত প্রধান অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট মিচেল ডি হিগিন্স। জিপিওর পতাকা এ সময় অর্ধনমিত রাখা হয়।
১৯১৬ সালের ২৪ এপ্রিল ব্রিটিশবিরোধী হাজার খানেক বিদ্রোহী ডাবলিনের গুরুত্বপূর্ণ ভবন দখলে নিলে শুরু হয় বিদ্রোহের। ওই বিদ্রোহের ছয় বছরের মধ্যে স্বাধীন দেশ হিসেবে আয়ারল্যান্ড (নর্দার্ন আয়ারল্যান্ড বাদে) সৃষ্টিতে সম্মত হয় যুক্তরাজ্য।