আয়ারল্যান্ডের রেডিওতে বাংলা গান
আয়ারল্যান্ডের জনপ্রিয় একটি রেডিও স্টেশন ‘কেসিএলআর’। স্টেশনটির ‘ডিসটেন্ট নয়েজেস’ নামে একটি অনুষ্ঠানে নিয়মিতভাবে বাজানো হয় বিশ্বের বিভিন্ন দেশের গান। গতকাল বৃহস্পতিবার থেকে সেই অনুষ্ঠানে যুক্ত হয়েছে বাংলা গানের মূর্ছনা।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস নাদিম কাদির বলেন, গত ফেব্রুয়ারি মাসে তিনি আয়ারল্যান্ডের কিলকেনিতে অবস্থিত কেসিএলআর স্টেশনে গিয়েছিলেন। সে সময় তিনি বাংলা সংস্কৃতি প্রচারের সুযোগ সম্পর্কে জানতে চাইলে স্টেশনটির প্রধান নির্বাহী জন পার্সেল ‘ডিসটেন্ট নয়েজেস’ সম্পর্কে বলেন। নাদিম কাদির ওই অনুষ্ঠানে বাংলা গান বাজানোর অনুরোধ করেন। লন্ডন ফিরে তিনি বাংলা দেশাত্মবোধক, রবীন্দ্রসংগীত ও লোকগানের তিনটি সিডি পাঠান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে দেশাত্মবোধক কয়েকটি গান দিয়ে বাংলা গানের সূচনা করা হয়। এখন থেকে ওই অনুষ্ঠানে নিয়মিত বাংলা গান বাজানো হবে বলে জানান নাদিম কাদির। স্টেশনটির প্রায় এক লাখের মতো নিয়মিত শ্রোতা রয়েছেন। WWW.LCLR96FM.COM এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে স্টেশনটি সরাসরি শোনা যাবে।