ই-মেইল বার্তা ফাঁস করায় তুরস্কে উইকিলিকস বন্ধ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একেপি পার্টির প্রায় তিন লাখ ই-মেইল বার্তা ফাঁস করায় তুরস্ক সরকার দেশটিতে বহুল আলোচিত উইকিলিকসের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। আজ বুধবার তুরস্ক সরকার এমন পদক্ষেপ নেয় বলে এক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়।
১৬ জুলাই তুরস্কে ঘটে যাওয়া অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এ ঘটনায় সেনা ও পুলিশ কর্মকর্তা, বিচারক, শিক্ষকসহ কয়েক হাজার মানুষকে আটক ও চাকরিচ্যুত করা হয়েছে। এসব ঘটনার পর উইকিলিকস ই-মেইল বার্তাগুলো ফাঁস করে।
এ ব্যাপারে নিজস্ব ওয়েবসাইটে উইকিলিকস জানিয়েছে, অভ্যুত্থানচেষ্টায় তুরস্ক সরকারের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এই ই-মেইল বার্তাগুলো নির্দিষ্ট সময়ের আগেই প্রকাশ করা হয়েছে। তবে ওই বার্তাগুলো অভ্যুত্থানচেষ্টা বা কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বা রাষ্ট্রসম্পর্কিত নয়। অভ্যন্তরীণ অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়েও ই-মেইল বার্তাগুলোতে কিছু বলা হয়নি। মূলত এগুলো আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আদান-প্রদান হয়েছে। এগুলো ২০১০ থেকে চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত সময়ে অর্থাৎ অভ্যুত্থানচেষ্টার আগে দলের মধ্যে আদান-প্রদান হয়েছে। এই ই-মেইল বার্তাগুলো দলের নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া গেছে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান সাবেক হ্যাকার জুলিয়ান অ্যাসাঞ্জ ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করেন এবং এর এক বছর পর এটি আত্মপ্রকাশ করে। ২০১০ সালে কয়েক লাখ মার্কিন গোপন নথি ফাঁস করে আলোচিত হয় উইকিলিকস। এরপর ধর্ষণের অভিযোগে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়। তাঁর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। বর্তমানে তিনি সেখানেই আছেন।