ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজ
রাশিয়ার একটি নৌবহর সিরিয়ার পথে রয়েছে। গতকাল শুক্রবার রাতে জাহাজগুলো ইংলিশ চ্যানেল অতিক্রম করছিল। এ সময় ব্রিটিশ নৌবাহিনীর দুটি জাহাজ ওই রুশ নৌযানগুলোর প্রতি সতর্ক নজর রেখে পাশাপাশি চলছিল।
রাশিয়ার জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমা দিয়ে গেলেও সেগুলো যুক্তরাজ্যের খুব কাছাকাছি থাকায় ব্রিটিশ নৌবাহিনী সতর্ক অবস্থায় ছিল।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় ওই নৌবহরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা সিরিয়ার আলেপ্পো শহরে বোমাবর্ষণের ঘটনায় রাশিয়ার অংশগ্রহণের জোরালো নিন্দা জানিয়েছেন। রুশ নৌযানগুলো আন্তর্জাতিক সমুদ্রসীমায় অবস্থান করলেও যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, তাঁরা নিরাপত্তার জন্যই ওই নৌবহরের গতিবিধি নজরে রাখছেন।
সম্ভবত ভূমধ্যসাগরের পূর্ব দিক দিয়ে প্রবেশের লক্ষ্যে অগ্রসর হচ্ছে ওই নৌবহর। এতে বিমানবাহী যুদ্ধজাহাজও রয়েছে। রাশিয়ার একটি সংবাদপত্রও সিরিয়ার উদ্দেশে যুদ্ধজাহাজ পাঠানোর খবর ছেপেছে। লিখেছে, এটা কোনো পর্যটন নয়; বরং সিরিয়া উপকূলে রুশ নৌ উপস্থিতি বাড়াবে এবং বিমানবাহিনীরও শক্তি বৃদ্ধি করবে।
নরওয়ের সামরিক বাহিনী তাদের নজরদারি বিমানের সাহায্যে ওই নৌবহরের বেশ কয়েকটি ছবি তুলে গত বুধবার প্রকাশ করেছে। এতে দেখা যায়, ওই নৌবহরে যুদ্ধবিমানবাহী রণতরি অ্যাডমিরাল কুজনেস্তভ এবং বিধ্বংসী যুদ্ধজাহাজ পিয়োত্র ভেলিকিও রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস গত জুলাইয়ে বলেছিল, অ্যাডমিরাল কুজনেস্তভ সিরিয়ায় রুশ অভিযানে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত অংশ নেবে।