ইইউ ছাড়লে যুক্তরাজ্য দরিদ্র হয়ে পড়বে
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে এলে যুক্তরাজ্যের অর্থনীতি স্থায়ী দারিদ্র্যের দিকে ধাবিত হবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী (চ্যান্সেলর) জর্জ অসবর্ন।
গতকাল সোমবার বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ অসবর্ন রাজস্ব বিভাগের করা এক গবেষণার উপাত্ত তুলে ধরে বলেন, ইইউতে থাকলে যুক্তরাজ্যের অর্থনীতি ২০৩০ সাল নাগাদ যে পর্যায়ে পৌঁছাবে, ইইউ ছাড়লে অগ্রগতি তার চেয়ে ৬ শতাংশ কম হবে। এতে দেশটির প্রতিটি পরিবার বছরে প্রায় ৪ হাজার ৩০০ পাউন্ডের (প্রায় ৫ লাখ টাকা) ক্ষতির শিকার হবে। এর ফলে যুক্তরাজ্যের অর্থনীতি ইইউর অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে পড়বে।
ইইউতে থাকা না-থাকা প্রশ্নে আগামী ২৩ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠেয় গণভোট সামনে রেখে গত রোববার এই গবেষণা তথ্য প্রকাশ করে রাজস্ব বিভাগ। গণভোট সামনে রেখে ইইউর পক্ষে-বিপক্ষে তুমুল প্রচারে নেমেছেন দেশটির রাজনীতিকেরা। বিশেষ করে ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের মন্ত্রী ও সাংসদদের বিভক্ত অবস্থানের কারণে বিতর্ক আরও বেড়ে গেছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকার ইইউতে থাকার পক্ষে প্রচার চালালেও সরকারের সাতজন মন্ত্রী ও ক্ষমতাসীন দলের দেড় শতাধিক সাংসদ ইইউতে থাকার বিপক্ষে প্রচারে নেমেছেন।
ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের সম্ভাব্য নানা চিত্র তুলে ধরে রাজস্ব বিভাগের প্রকাশিত গবেষণা তথ্যটি ২০০ পৃষ্ঠার। এতে বলা হয়, ইইউ ছাড়লে যুক্তরাজ্য ২০৩০ সাল নাগাদ প্রায় ৩ হাজার ৬০০ কোটি পাউন্ডের সমপরিমাণ ক্ষতির শিকার হবে। রাজস্ব বিভাগের এসব তথ্যকে অযৌক্তিক এবং মূল্যহীন বলে মন্তব্য করেছেন সরকারদলীয় একজন সাংসদ। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সাংসদ জন রেডউড বিবিসিকে বলেন, এই রাজস্ব বিভাগই ইউরোপিয়ান মূল্য বিনিময় কৌশলের (ইউরোপিয়ান এক্সচেঞ্জ রেট মেকানিজম) সদস্য হওয়ার ক্ষতি নিরূপণে এবং ২০১১ সালে ঘটে যাওয়া ইউরোজোন সংকটে যুক্তরাজ্যের ক্ষতির পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছে।
অসবর্ন বলছেন, ইইউ ত্যাগ করলে যুক্তরাজ্যে ঘরে ঘরে মানুষ চাকরি হারাবে, ঘর-বাড়ির দাম পড়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।