ইইউ-ছয় দেশ রিগা সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাটভিয়ার রাজধানী রিগায় গতকাল বৃহস্পতিবার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ছয়টি দেশের নেতাদের সঙ্গে দুই দিনের সম্মেলনে যোগ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সম্মেলনে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের মস্কোর মদদ দেওয়ার বিষয়টি প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। খবর এএফপি ও বিবিসির।
ইইউর নেতারা সম্মেলনে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, মলদোভা ও ইউক্রেনের নেতাদের সঙ্গে তাঁদের বন্ধন আরও দৃঢ় করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। এএফপির সংগৃহীত ঘোষণাপত্রের খসড়ায় তেমনটাই বলা হয়েছে।
সম্মেলন শুরুর আগে আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, ইইউর পূর্বাঞ্চলীয় অংশীদারত্ব ‘ইইউর সম্প্রসারণবাদী নীতি অনুসরণের হাতিয়ার নয়’। তিনি আরও বলেন, এই অংশীদারত্ব কারও বিরুদ্ধে নয়, এটি রাশিয়ার বিরুদ্ধে তো নয়ই।
ইউক্রেন সংকটের শুরু হয় ২০১৩ সালের নভেম্বরে, লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় অংশীদারত্ব সম্মেলনে। তখন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ওই সহযোগিতা চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এর প্রতিবাদে ইউক্রেনে বিক্ষোভ শুরু হয়।
দুই দিনের এই সম্মেলনে ইউক্রেন ইইউর সদস্যপদ পাওয়া এবং আগামী বছর থেকে তাদের নাগরিকদের জোটের দেশগুলোতে ভিসামুক্ত চলাচলের দাবি করবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিন গতকাল জানিয়েছেন।